সপ্তাহখানেক হলো সাকিব ইনজুরি কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। তবে, এবার ইনজুরিতে পড়ার পর প্রথমবারের মতো গতকাল মঙ্গলবার ব্যাট হাতে দেখা গেল বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন চলাকালেই চা-পানের বিরতিতে তিনি ট্রেইনারকে নিয়ে মাঠে নেমে যান। হালকা ব্যাটিং ও থ্রোয়িং অনুশীলন করেন। সাকিব সর্বশেষ ব্যাট হাতে নিয়ে নিয়েছিলেন ৫০ দিন আগে। সেদিন, মানে গেল ২৩ সেপ্টেম্বর এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সর্বশেষ ব্যাট হাতে দেখা গিয়েছিল তাকে। এরপরই পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংক্রমণের কারণে আঙুল ফুলে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে দেশে ফিরে হাসপাতালে ভর্তি হতে হয়।
