কামিন্সের ব্যাটে ঝুলে রইলো ভারত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২০:৩৬

বল হাতে ৬ উইকেট নিয়ে ম্যাচটাকে নিজের জন্য স্মরণীয় করেই রেখেছেন। তবে গতকাল প্যাট কামিন্স মজার কাজটা করেছেন ব্যাট হাতে। পুরো অস্ট্রেলিয়া দল যখন ভারতের ছুড়ে দেওয়া ৩৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে গিয়ে ধসে পড়েছে, তখন ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছেন বোলার কামিন্স। তার অপরাজিত ৬১ রানে ভর করে চতুর্থ দিনও পার করে দিয়েছে অস্ট্রেলিয়া।

আজ শেষ দিনে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার এখনও ১৪১ রান। ভারতের জয়ের জন্য চাই আর মাত্র ২ উইকেট। কিন্তু মেলবোর্নে আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে কামিন্সের ওই ইনিংসটা হয়ে যেতে পারে ভাগ্য নির্ধারক ইনিংস।

ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া ৭ উইকেটে ৪৩৪ রান তুলে খেলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারত। জবাবে অস্ট্রেলিয়া ১৫১ রানে অলআউট হয়েছিল। গতকাল ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারত আবার ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ১০৬ রান তুলে। ফলে ৩৯৮ রানের লিড পায় সফরকারী কোহলির দল।

৫ উইকেটে ৫৪ নিয়ে দিন শুরু করে ভারত। ২৮ রান নিয়ে উইকেটে ছিলেন মানায়ক আগারওয়াল। গতকাল সকালে প্রথম ব্যাটসম্যান হিসেবে আগারওয়ালই আউট হয়েছেন। তার আগে ঋষভ পান্টকে নিয়ে দলকে লড়াই করার মতো একটা স্কোর এনে দেন। আগারওয়াল দলীয় সর্বোচ্চ ১০২ বলে ৪২ রান করে আউট হন। এরপর পান্ট আরও কিছু সময় লড়াই চালান। তিনি দ্রুত ৩৩ রান করে ফিরে আসেন। আর পান্টের আউটের সাথে সাথে ৬ উইকেটে ১০৬ রানে ইনিংস ঘোষণা করে দেন কোহলি। আগের দিন ৪ উইকেট নেওয়া কামিন্স গতকালকের দুটি উইকেট নেন।

উইকেটের বিবেচনায় ৩৯৮ রানের লিড নিতান্ত কম নয়। তারপরও দুদিন হাতে থাকতে এমন ইনিংস ঘোষণা একটু অবাক করেছে অনেককে। তবে কোহলিদের এ সময় সাবধান থাকতে হয়েছে মেলবোর্নে শেষ দিনে বৃষ্টির সম্ভাবনা নিয়ে। তারা ঝুঁকি নিতে চাননি। সেই ঝুঁকিটা নিতেই হচ্ছে। খেলাকে শেষ দিনে নিয়ে গেছেন  কামিন্স।

৩৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৩ রান করে বুমরাহর শিকার হয়ে ফেরেন অ্যারন ফিঞ্চ। এরপর অস্ট্রেলিয়ার সবাই শুরুটা পেয়েছেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। শন মার্শ, উসমান খাজা ও ট্রাভিস হিড ভালো করছিলেন। খাজা ৩৩ রান করে, মার্শ ৪৪ রান করে এবং হিড ৩৪ রান করে আউট হন। এরপর মিশেল মার্শ ১০ ও পেইন ২৬ রান করে ফেরায় অস্ট্রেলিয়ার পরাজয় সময়ের ব্যাপার হয়ে যায়। কিন্তু এ সময়ের ব্যাপারটাকে দীর্ঘায়িত করেছেন কামিন্স।

প্রথমে মিশেল স্টার্কের সাথে প্রতিরোধ করেন। স্টার্ক ২৭ বলে ১৮ রান করে ফেরেন। এরপর নাথান লায়নকে নিয়ে দিনই শেষ করেন। লায়ন ৩৮ বলে ৬ রান করে অপরাজিত আছেন। অন্য প্রান্তে ১০৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৬১ রান করে অপরাজিত আছেন কামিন্স।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত-১ম ইনিংস: ১৬৯.৪ ওভারে ৪৪৩/৭ ডিক্লেয়ার

এবং ২য় ইনিংস: ৩৭.৩ ওভারে ১০৬/৮ ডিক্লেয়ার (আগারওয়াল ৪২, পান্ট ৩৩; কামিন্স ৬/২৭, হ্যাজেলউড ২/২২)।

অস্ট্রেলিয়া-১ম ইনিংস: ৬৬.৫ ওভারে ১৫১/১০

এবং ২য় ইনিংস: ৮৫ ওভারে ২৫৮/৮ (কামিন্স ব্যাটিং ৬১, শন মার্শ ৪৪, হিড ৩৪, খাজা ৩৩, পেইন ২৬; জাদেজা ৩/৮২, বুমরাহ ২/৫৩, শামি ২/৭১)।