কয়েকটি স্থানে সরকারি চাল উদ্ধার

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২২:০৯

দেশের কয়েকটি স্থানে গতকালও ত্রাণের চাল উদ্ধার হয়েছে। দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের :

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুর জেলার ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জামালপুরের সংরক্ষিত আসনের এমপি হোসনে আরার নির্দেশে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজারে অভিযান চালান। ঐ অভিযানে ইসলামপুরের গুঠাইল বাজারের তিনটি গুদাম থেকে ৩৮৮ বস্তা সরকারি খাদ্যবান্ধব চাল উদ্ধার করা হয়। জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা বলেন, ‘আমি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গুঠাইল বাজারে আরো সরকারি চাল রয়েছে। রবিবার গভীর রাতে ইউএনওকে সঙ্গে নিয়ে ঐসব গুদাম চেক করে চালগুলো জব্দ করা হয়। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৩৮৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, নবীগঞ্জে এবার ৬ নম্বর কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুসার বিরুদ্ধে ভিজিডির চাল ও মহিলাদের মাসিক সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার মো. শরিয়ত আলী নামের এক ব্যক্তি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে অভিযোগ করেছেন।

কালিয়া (নড়াইল) সংবাদদাতা :নড়াইলের কালিয়ায় পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান মো.জারজিদ মোল্যার (৫২) বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মো.মতিয়ার রহমান বাদী হয়ে কালিয়া থানায় মামলা দায়ের করেন। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুদা বলেন, ‘চেয়ারম্যান মো.জারজিদ মোল্যার বিরুদ্ধে চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা দায়ের হয়েছে। এ প্রসঙ্গে ঐ ইউপির চেয়ারম্যান মো. জারজিদ মোল্যার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের খড়িবাড়ি বাজারের এক মুদির দোকান থেকে টিসিবির পণ্য সন্দেহে ২০ বস্তা চিনি ও আট বস্তা ছোলা এবং অপর একটি দোকান থেকে আরো আট বস্তা চিনি জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মাছুমা আরেফিনের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার পূর্বধলায় সোমবার বিকালে কালোবাজারে বিক্রি হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে স্থানীয় লোকজন। উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দেবকান্দা নামক স্থানে একটি অটোরিকশা থেকে এ চাল জব্দ করা হয়। স্থানীয়রা জানায়, স্থানীয় জামধলা বাজার থেকে একটি অটোরিকশা করে ঐ এলাকার চুরেরভিটা গ্রামের মাস্টার আলীর ছেলে আবুল কাসেম ৯ বস্তা চাল নিয়ে বাড়ি যাচ্ছিল। পথে এ চাল দেখে স্থানীয়দের সন্দেহ হলে আবুল কাসেম চাল রেখে পালিয়ে যায়।

সংশোধনী

গতকাল সোমবার দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় ‘রাজবাড়ীর পাংশার যশাই ইউপি চেয়ারম্যানের গোডাউন থেকে ৩৪ বস্তা চাল জব্দ’ শীর্ষক একটি ক্যাপশন প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে ১৩৪ বস্তা চাল জব্দ হয়েছিল।