বঙ্গবন্ধুর খুনি মোসলেম উদ্দিন ভারতে আটক?

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২২:১২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি রিসেলদার (বরখাস্ত) মোসলেম উদ্দিন ভারতে আটক হয়েছেন? উত্তর চব্বিশ পরগনায় তার ডেরা থেকে আটক করা হতে থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। গোয়েন্দাদের সহযোগিতায় তিনি আটক হয়ে থাকতে পারেন বলে আনন্দবাজারের খবর।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি ইত্তেফাককে বলেন, আমিও বিষয়টি শুনেছি। তবে এখনও কোন সূত্র থেকে নিশ্চিত হতে পারিনি। বিষয়টি গোয়েন্দারা যাচাই করা দেখছেন। 

তবে আনন্দবাজারের ওই প্রতিবেদনে অন্তত তিন ধরনের তথ্য উল্লেখ করা হয়েছে। একবার বলা হয়েছে তিনি ধরা পড়েছেন, আরেকবার বলা হয়েছে তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন এবং আরেক জায়গায় বলা হয়েছে, তিনি গা ঢাকা দিয়েছেন।

আনন্দবাজারের গতকাল সোমবারের পত্রিকায় ‘মুজিবের আর এক খুনিও কি এই বঙ্গে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ‘আব্দুল মাজেদের মতো পরিচয় গোপন করে শেখ মুজিবের আর এক খুনিও দীর্ঘদিন               পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে রয়েছে বলে দাবি বাংলাদেশের গোয়েন্দা সূত্রের। মাজেদকে জেরা করে বাংলাদেশের গোয়েন্দারা তার বিষয়ে জানতে পেরেছেন বলে ওই সূত্রের দাবি। ভারতের গোয়েন্দাদের সহযোগিতায় রিসেলদার (বরখাস্ত) মোসলেম উদ্দিন নামে এই সাবেক সেনা অফিসারকে উত্তর চব্বিশ পরগনায় ঠাকুরনগরে তার ডেরা থেকে আটক করা গিয়েছে বলেও সূত্রের দাবি। আবার অন্য একটি সূত্রের খবর, মাজেদ আটক হওয়া মাত্রই নিজের মৃত্যু সংবাদ ছড়িয়ে গা-ঢাকা দিয়েছে  মোসলেম উদ্দিন।’

আনন্দবাজার জানায়, ‘ভারতের গোয়েন্দাদের একটি সূত্রের অবশ্য দাবি, লকডাউনের সময় এ দেশ থেকে মোসলেম উদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ায় সমস্যা হতে পারে বলে ঢাকা বিষয়টি ভারতের  গোয়েন্দাদের জানায়। ভারতীয় গোয়েন্দারা এই খুনিকে কার্যত তাড়িয়ে সীমান্তের কোনও একটি অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছে। তবে সরকারিভাবে কিছুই স্বীকার করা হয়নি। গোয়েন্দা সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার একটি আধাশহরে ইউনানি চিকিত্সক সেজে ভাড়া থাকছিলেন মোসলেম উদ্দিন। তিনিও ফেরার হওয়া ফাঁসির আসামি। ১৯৭৫-এর ১৫ আগস্ট মুজিবের বাড়িতে হানা দেওয়া দলটির সামনে ছিলেন মোসলেম উদ্দিন। অনেকের দাবি, মোসলেম উদ্দিনই গুলি করে হত্যা করেছিল মুজিবকে।’

তবে খোঁজ নিয়ে জানা গেছে, যে ইউনানী চিকিত্সকের কথা বলা হচ্ছে, ওই চিকিত্সক সমীর কুমার দত্ত গত ১০ জানুয়ারি মারা গেছেন। গতকাল সকালে গোয়েন্দারা ঠাকুরনগরে সমীর দত্তের বাসায় অভিযান চালিয়েছে। তার ফার্মেসি এখন বন্ধ। ওই বন্ধ ফার্মেসি খুলেও তল্লাসী চালিয়েছে। তবে মোসলেম উদ্দিনই ছদ্মনামে সমীর কুমার দত্ত নামে ছিলেন কিনা সেটা নিশ্চত হওয়া যায়নি।