মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বিরোধ দীর্ঘদিন ধরেই চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সময় স্পিকার ন্যান্সিকে বাজে ভাষায় আক্রমণ করেছেন। এবার তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, ‘বোবা’ ন্যান্সি পেলোসি স্পিকার পদ থেকে উত্খাত হবেন।
নিউ ইয়র্ক পোস্টের এক খবরে বলা হয়েছে, রবিবার স্পিকার ন্যান্সি ফক্স নিউজ শোতে হাজির হয়ে করোনা ভাইরাস মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের দুর্বল নেতৃত্বের সমালোচনা করেন। এরপর টুইটে ট্রাম্প বলেন, ‘নার্ভাস ন্যান্সি’ সহজাতভাবেই বাকশক্তিহীন মানুষ। স্পিকার হিসেবে তিনি অভিশংসন ভাওতাবাজিতেই বেশি সময় অপচয় করেছেন। তিনি উত্খাত হবেন, এটা ভেতর থেকে করা হতে পারে, আবার বাইরে থেকেও করা হতে পারে। স্পিকার হিসেবে এটিই তার শেষ সময় হতে পারে।
করোনা মহামারির কারণে আর্থিক সংকট মোকাবিলায় নতুন করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার জন্য ৫০ হাজার কোটি ডলারের একটি প্যাকেজ ছাড়ের ব্যাপারে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করছে। সিএনএন বলছে, দুই পক্ষ মতৈক্যে পৌঁছানোর দ্বারপ্রান্তে রয়েছে। যদিও করোনা পরীক্ষার ইস্যুটি এখনো এক্ষেত্রে বাধা হয়ে রয়েছে। রিপাবলিকান পার্টি এ কারণে ন্যান্সি পেলোসিকে দোষারোপ করে বলেছে, তিনি এই পাকেজ আটকাতে রাজনীতি করছেন। রিপাবলিকান পার্টির এই মন্তব্যকেও সম্পৃক্ত করেছেন ট্রাম্প।
২০১৭ সাল থেকে বিভিন্ন সময় ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে ট্রাম্পের সমালোচনা করেছেন ন্যান্সি পেলোসি। সর্বশেষ উপস্থাপক ক্রিস ওয়ালেসকে তিনি বলেন, মহামারির সময় ট্রাম্পের দুর্বল নেতৃত্বের কারণে তিনি তাকে ‘এফ’ দেবেন। তিনি বলেন, নেতাদেরই দায়িত্ব নিতে হবে। আমি বলব তিনি (ট্রাম্প) এক জন দুর্বল নেতা। তিনি কখনো দায়িত্ব নেন না। উলটো তিনি অন্যদের দোষারোপ করেন।
২০১০ সালের নির্বাচনে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেলে ২০১১ সালে স্পিকারের পদ হারান পেলোসি। তবে ২০১৮ সালে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ২০১৯ সালের শুরুতে আবারও স্পিকার হন ন্যান্সি পেলোসি।
