ফের ৫০ হাজার কোটি ডলারের প্রণোদনা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২২:১৪

দুই লাখ কোটি ডলারের বিশাল প্রণোদনার পর ফের ৫০ হাজার কোটি ডলারের প্রণোদনা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। এ প্রণোদনার সুযোগ পাবে অপেক্ষাকৃত ছোট উদ্যোক্তারা। শুধু তাই নয়, এই প্রণোদনা প্যাকেজকে ‘অন্তর্বর্তীকালীন’ হিসেবে অভিহিত করে এর পরবর্তীতে আরেকটি বড়ো আকারের প্রণোদনা দেওয়ার কথাও আলোচিত হচ্ছে। তবে নতুন এ প্রণোদনার কী প্রক্রিয়ায় দেওয়া হবে, তা নিয়ে গতকাল রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আলোচনা চলছিলো।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এর খবর অনুযায়ী, নতুন প্যাকেজটি অনুমোদনের দ্বারপ্রান্তে চলে এসেছেন মার্কিন আইনপ্রণেতারা। এই প্রণোদনার অর্থ মূলত অপেক্ষাকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়া, হাসপাতালগুলোর জন্য অতিরিক্ত তহবিলের যোগান দেওয়া এবং করোনা ভাইরাসের পরীক্ষার জন্য ব্যয় করা হবে।

করোনা ভাইরাস পরিস্থিতি জটিল হওয়ার পরিপ্রেক্ষিতে অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে প্রায় চার সপ্তাহ আগে দেশটি ২ ট্রিলিয়ন ডলারের বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে, যা ইতিমধ্যে বাস্তবায়নও শুরু হয়ে গেছে। এর মধ্যেই গতকালের এই প্রণোদনা নিয়ে আলোচনা শুরু হয়। দেশটির একজন সিনেটর জানান, এই অর্থনীতির ক্ষতির বিবেচনায় এই প্যাকেজও যথেষ্ট নয়।