মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের এমপি আ ক ম মোজাম্মেল হকের গানম্যান ঘাতক কিশোর কুমারের নামে একটি অস্ত্র মামলা এবং একটি খুনের মামলা হয়েছে। কিশোরের বিরুদ্ধে মামলা করায় একটি প্রভাবশালী মহল নিহত শহিদের নিরীহ ও অসহায় পরিবারকে নানাভাবে হুমকি ও চাপ দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
গত বৃহস্পতিবার রাতে গানম্যান কিশোর কুমার স্ত্রীর পরকীয়ার বদলা নিতে পরিকল্পিতভাবে গুলি চালান প্রেমিক মহিমের ওপর। ভাগ্যক্রমে মহিম বেঁচে গেলেও গুলিতে নিহত হন মহিমের বন্ধু শহিদ। কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর দিন গানম্যানকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সে জেলহাজতে রয়েছে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, নিহত শহিদের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেছেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা হয়েছে। গানম্যান কিশোর জেলহাজতে রয়েছে। গত রবিবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। শুনানি না হওয়ায় রিমান্ড এখনো মঞ্জুর হয়নি।
