বরিশালে নারী চিকিৎসকসহ আরো ৩ জন আক্রান্ত

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২৩:১২

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক নারী ইন্টার্র্নি চিকিৎসকসহ আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এনিয়ে বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ জন। সোমবার বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, রবিবার নমুনা পরীক্ষার পর হাসপাতালের নারী ইন্টার্র্নি চিকিৎসকের (২৫) শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। তিনি বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও বরিশাল নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা এক পুরুষের (২৫) নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ এসেছে। পাশাপাশি মেহেন্দিগঞ্জের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে সোমবার নিশ্চিত হওয়া গেছে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই তিনজন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলায় করোনা আক্রান্তের মধ্যে বাবুগঞ্জ ৮জন, বরিশাল সদর ৭জন, মেহেন্দীগঞ্জ ২ জন, আগৈলঝাড়া ২জন, মুলাদী, হিজলা, গৌরনদী এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।

উল্লেখ্য, ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো দুই জন রোগীর করোনা শনাক্ত হয়।

ইত্তেফাক/এমআর