করোনা ভাইরাস সংকট

ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জরুরি বৈঠক কাল

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০০:২৩

নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতার ওপর নতুন করোনা ভাইরাস (কোভিড-১৯) সৃষ্ট সংকটের প্রভাব পর্যালোচনায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জরুরি বৈঠকে বসছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নির্বাহী কমিটির এই ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করবে ওআইসির বর্তমান সভাপতি দেশ সৌদি আরব।

এক বিবৃতিতে ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন বলেন, পররাষ্ট্রমন্ত্রীরা ওআইসিভুক্ত দেশের নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে করোনা মহামারি কী ধরনের প্রভাব ফেলবে সেটা বিচার-বিশ্লেষণ করবেন এবং সংকট উত্তরণের উপায় খুঁজতে চেষ্টা করবেন। করোনার নেতিবাচক প্রভাব কমাতে ওআইসি ও এর সংশ্লিষ্ট সংস্থাগুলো সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করে চলেছে বলে জানিয়েছেন তিনি।