বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্রাণ বিতরণ কর্মকাণ্ডে সরকার নানা কায়দায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একদিকে সরকারি দলের লোকজন করোনা ভাইরাস মহামারিতে ত্রাণসামগ্রী লুটপাটে ব্যস্ত অন্যদিকে বিরোধী দলের ওপর ক্রমাগত নির্যাতন চালানো হচ্ছে। গতকাল সোমবার বিকালে সহদফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাস মহামারির এই সংকটময় সময়ে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে গরিব ও দুস্থ মানুষদের মাঝে খাদ্যসহায়তা প্রদানের কারণে ফেনী জেলাধীন দাগন ভুঁইয়া ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য নিলয় হাসান রবিনের ওপর একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। বাড্ডা লিংক রোডে ত্রাণবঞ্চিত মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে মামলায় ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানার অন্তর্গত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। মির্জা ফখরুল এই দুটো ঘটনাকে ‘ন্যক্কারজনক’ মন্তব্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সাংগঠনিক কার্যক্রম ২৫ মে পর্যন্ত বন্ধ
করোনা ভাইরাসের কারণে দলের সাংগঠনিক কার্যক্রম ২৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিএনপি। এর আগে সাংগঠনিক কার্যক্রম ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছিল দলটি। গতকাল সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল। করোনা মহামারি ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ আগামী ২৫ মে পর্যন্ত বলবত্ থাকবে।
