প্রত্যাবর্তনে হার নাদালের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২০:৩৮

রাফায়েল নাদাল ইনজুরি কাটিয়ে টেনিস কোর্টে ফিরলেও তা সুখকর হয়নি। কেননা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কেভিন অ্যান্ডারসন তাকে হারিয়ে দেন। এর মধ্যেই আবার এ প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছেন নোভাক জোকোভিচ।

স্প্যানিশ এই তারকার জন্য ২০১৮ মৌসুমটা ভালো যায়নি। এই বছরে তিনি কেবল একটি হার্ড কোর্ট টুর্নামেন্টে অংশ নেন। অতি সম্প্রতি তিনি পেটের সমস্যার কারণে এটিপি ফাইনালসেও খেলতে পারেননি।

গেল সেপ্টেম্বরে ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে সরে দাঁড়ানোর পর গত শুক্রবারই তিনি প্রথম কোর্টে নেমেছিলেন। কিন্তু মৌসুমের প্রথম ম্যাচেই আবুধাবিতে চলমান এই ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে শিরোপাধারী অ্যান্ডারসন তাকে হারিয়ে দেন ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে।

নাদাল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই প্রদর্শনী প্রতিযোগিতায় হার সত্ত্বেও বলেন,‘গোড়ালির অস্ত্রোপচারের পর আমার ধীরে ধীরে এগোনোর দরকার। তারপরও এটা একটা ইতিবাচক সূচনা।

তার এই হারে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ান ওপেনের আগে টেনিসামোদীরা নাদাল-জোকোভিচের লড়াই দেখতে পেলেন না। এর পরিবর্তে সার্বিয় তারকা জোকোভিচ এখন দক্ষিণ আফ্রিকান অ্যান্ডারসনের মুখোমুখি হবেন। -স্কোরসওয়ে।