ড. সা’দত হুসাইনের শারীরিক অবস্থার গুরুতর অবনতি

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০০:২৭

চিকিত্সাধীন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালটির যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ডা. সাগুফতা আনোয়ার।

তিনি জানান, জ্বর নিয়ে ভর্তি হন ড. সা’দত হুসাইন। তার রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণ ছড়িয়ে পড়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ নয়। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ১৩ এপ্রিল থেকে তিনি অচেতন অবস্থায় রয়েছেন। এখনো জ্ঞান ফেরেনি। গত সোমবার বাসায় হঠাত্ অসুস্থ বোধ করলে ৭৩ বছর বয়সি সা’দত হুসাইনকে রাজধানীর ইউনাইটেড হাসতাপালে ভর্তি করা হয়। পরে চিকিত্সকরা পরীক্ষা-নিরীক্ষা করান।

চিকিত্সকরা জানিয়েছেন, তিনি আগে থেকেই কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সমস্যায় ভুগছেন। তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ ডা. ওমর ফারুকের অধীনে চিকিত্সাধীন। তার ডায়ালাইসিস চলছে। ২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন সা’দত হুসাইন। এরপর তিনি ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর জীবনে তিনি লেখালেখি করেন।