করোনা: প্রতিদিন ৪৫০ কেজি দুধ বিনামূল্যে বিতরণ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০২:১৪

দেশে মহামারী করোনাভাইরাসে আকাল ঘরে ঘরে। খেটে খাওয়া গরীব ও দুস্থ মানুষেরা লক ডাউনে ঘর বন্দি। দেশে সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান ত্রাণ বিতরণ করছেন। বসে নেই বিত্তশালীরাও তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অসহায় পরিবারের সদস্যদের মাঝে। বিতরণ করছেন চাল, ডাল আলু তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ।

আবার শিশুদের দুধ কেনার পয়সাও নেই অনেক মা-বাবার কাছে। তাদের আহাজারি আর কান্নার কথা  মাথায় রেখে এক মহতী উদ্যোগ নিয়েছেন বেনাপোলের বড় আঁচড়া গ্রামের তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের ভারত। তার নিজস্ব ডেইরী ফার্ম বড় আঁচড়া এগ্রো এন্ড ডেইরি ফার্ম থেকে উৎপাদিত দুধের সব গরীব ও দুস্থ  মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করছেন।

প্রতিদিন বিকালে এসব দুস্থ মানুষেরা করোনা ভাইরাসের দূরত্ব বজায় রেখে সারিবদ্ধ ভাবে দুধ নিয়ে যাচ্ছেন। উপকৃত হচ্ছেন এলাকা দুস্থ ও শিশুরা। প্রতিদিন প্রায় সাড়ে ৪‘শ কেজি দুধ বিনামূল্যে বিতরণ করছেন তিনি।

ডেইরী ফার্মের মালিক আবু তাহের ভারত জানান, মানুষের দুর্দিনে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে দুধ বিতরণ করা হবে। তাছাড়া করোনা পরিস্থিতির পরিবর্তন না হলে বিনামূল্যে দুধ বিতরণের সময় সীমাও বৃদ্ধি করা হবে।

ইত্তেফাক/এমআর