করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুয়েতে এক বাংলাদেশির মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১২:২০

কুয়েতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন চাঁদপুরের নজরুল ইসলাম পাটোয়ারী (মন্টু)। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় জুনূব সোররা করোনা হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুর সংবাদটি আজ মঙ্গলবার সকালে জানতে পারে পরিবার। চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাঁধেশ্বর গ্রামের মৃত ওয়ালী উল্লাহ পাটোয়ারীর ছেলে নজরুল ইসলাম পাটোয়ারী।

 

মৃতের ভাগনি লাকী আক্তার জানান, তার মামা নজরুল ইসলাম পাটোয়ারী (৪৫) দীর্ঘ দুই দশক ধরে কুয়েতে চাকুরি করছেন। মাত্র দুই সপ্তাহ আগে সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হন তার মামা। আজ সকালে বাংলাদেশে নজরুল ইসলাম পাটোয়ারীর মৃত্যুর সংবাদটি পৌঁছে।

 

তার স্ত্রী আমেনা বেগম নিপা জানান, গতবছরের মাঝামাঝিতে শেষবারের মতো তার স্বামী দেশে আসেন। নিপা বলেন, সবশেষ গত বৃহস্পতিবার মুঠোফোনে স্বামীর সঙ্গে তার কথা হয়। এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা যায় কুয়েতেই নজরুল ইসলাম পাটোয়ারীকে দাফন করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম