সফল সমাপ্তি চায় বাংলাদেশ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:০৫

কাওসার মুজিব অপূর্ব

ফলোঅনে পড়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ২১৮ রানের। বাংলাদেশ কি ফলোঅনে ফেলবে জিম্বাবুয়েকে? নাকি নিজেরাই ব্যাট করতে নেমে লিডটা বাড়িয়ে দিয়ে চতুর্থ ইনিংসে রানের পাহাড়ের নিচে ফেলবে প্রতিপক্ষকে? - মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে এই প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া গেল না।

তবে, দিনে বাংলাদেশের সেরা পারফরমার তাইজুল ইসলাম মনে করেন, এই অবস্থায় বাংলাদেশ থেকে যাই করুক না কেন, নিজেদের পরিকল্পনামত এগোতে পারলে ফলাফলটা নিজেদের পক্ষেই আসবে। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় আমরা ভাল অবস্থানে দাঁড়িয়ে আছি। আমরা যাই করি না কেন (ফলো অন বা আবারো ব্যাট করতে নামা) সেটা ভালভাবে করলে ফলাফল ইতিবাচক হবে।’ তৃতীয় দিনে তাইজুল কিংবা মেহেদী হাসান মিরাজের বোলিং ছাড়াও আলাদা করে বলতে হয় জিম্বাবুয়ের জুটির কথা। ব্রেন্ডন টেলর ও পিটার মুর ষষ্ঠ উইকেট জুটিতে ১৩৯ রান যোগ করে বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তার ভাঁজটা তীব্র করেছিলেন। যদিও, তাইজুল বলছেন, ওই সময় হতাশ না হয়ে শৃঙ্খলা মেনে বল করেছে বাংলাদেশ। আর শেষ বেলায় মিলেছে এর সাফল্য।

তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা অনুযায়ী বোলিং করেছি। তারপরও ওরা পার্টনারশিপ করছে। আমরা ওতটা হতাশ হইনি। ক্রিকেটে তো জুটি হবেই। তবুও আশা ছাড়িনি। ক্রিকেটে তো জুটি হবেই। তবুও আশা ছাড়িনি। গতকাল (টেস্টের দ্বিতীয় দিন) শার্প টার্ন করছিল, কিন্তু আজ শার্প টার্ন ছিল না। ভাঙ্গায় পড়ে সচরাচর যেই শার্প টার্ন হয়, সেটা হয়নি। তবে চতুর্থ ও পঞ্চম দিন তো আছেই। উইকেট যত সময় যাবে তত ব্যাটসম্যানদের জন্য খারাপ হবে।’

দিনে এতো সাফল্যর পর কিছু আক্ষেপও রয়েছে। কারণ গোটা দিনজুড়ে পাঁচটার মতো ক্যাচ মিস হয়েছে। ক্যাচগুলো ধরতে পারলে হয়তো আরো অল্প রানেই আটকে ফেলা জেত সফরকারীদের। সেক্ষেত্রে ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ বাড়তো বাংলাদেশের।

তাইজুল অবশ্য ক্যাচ মিস নিয়ে আক্ষেপ করছেন না। ফিল্ডিং নিয়ে তার কণ্ঠে কোনো অসন্তোষ শোনা গেল না। ক্যাচ মিসকে খেলারই অংশ মনে করছেন তিনি। বললেন, ‘আমরা হয়তো প্রথম টেস্টে হেরেছি, কিন্তু আমাদের ফিল্ডিং ভাল ছিল। এই ম্যাচেও আমাদের ক্যাচ মিস হয়েছে, কিন্তু ফিল্ডিং যে খুব খারাপ হয়েছে তা নয়। ম্যাচে ক্যাচ মিস হবেই।’ এক গাদা ক্যাচ মিসের দিনে তাইজুল নিজে একটা দর্শনীয় ক্যাচ ধরেছেন। মেহেদী হাসান মিরাজের বলে ডিপ স্কয়ার লেগে ব্রেন্ডন টেলরের সুইপ করার প্রচেষ্টাকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচে পরিণত করেন তিনি। নিজের এই ক্যাচ নিয়ে তাইজুল বলেন, ‘ডাইভ যখন দিয়েছি, আপনাকে হয় ধরতে হবে না হয় মিস হবে। আমি ক্যাচ ধরার মনমানসিকতা নিয়েই ডাইভ দিয়েছি।’

দল ভাল অবস্থানে আছে বলেই তাইজুলের পারফরম্যান্সের গুরুত্বও প্রথম টেস্টের চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে। তাইজুলও বললেন, ‘ভাল পারফরমেন্স করলে প্রতিটা ক্রিকেটারের ভাল লাগে। তবে দলটা আগে। দলটা এখন ভাল অবস্থানে আছে।’ এবার কেবল এই ভাল অবস্থান ধরে রেখে মিরপুর টেস্টের সফল সমাপ্তির অপেক্ষা!