তারকাদের প্রথম ভোট

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২০:৪০

সাধারণ মানুষের মতো তারকাদের মাঝেও এ বছর ভোট উচ্ছ্বাস দেখা গেছে বিগত সময়ের চেয়ে বেশি। এরমধ্যে অনেকেই বলছেন নিজেদের সমর্থিত দলের কথা, আবার অনেক তারকার উচ্ছ্বাসের কারণ প্রথম ভোট। গত কয়েকবছর শোবিজ অঙ্গনে মাতিয়ে রাখা অনেক জনপ্রিয় তারকা তাদের প্রথম ভোট দেবেন আজ। এরমধ্যে রয়েছেন ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

চলতি বছর নাটকে পুরোদমে ব্যস্ত ছিলেন তিনি। পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য দিয়ে জনপ্রিয়তার আরো একধাপ এগিয়ে সাবিলা।

তিনি নিজের প্রথম ভোট প্রসঙ্গে বলেন, ‘বর্তমান পরিস্থিতে সুষ্ঠু একটি নির্বাচন সবার মতো আমারও প্রত্যাশা। আমাদের দেশ যেমন অনেক দিক থেকে এগিয়ে গেছে তেমনি এখনো অনেক বিষয়ের উন্নয়ন প্রয়োজন। সেই উন্নয়নগুলো পরবর্তী সরকারের হাত ধরে আসবে এটি আমার প্রত্যাশা। দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস দমন ও মাদকমুক্ত সমাজ গড়া যেন নতুন সরকারের মূল উদ্দেশ্য হয়।’

তবে ঠিক কাকে ভোট দেবেন সেটি সরাসরি বলেননি সাবিলা। যোগ্য প্রার্থীকে তার ভোটটি দেবেন বলে জানান তিনি।

তার মতো শবনম ফারিয়াও নিজের ভোটটি নিজের পছন্দের প্রার্থীকে দেবেন বলে জানান। এ বছর অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র ‘দেবী’। যে ছবিটির মধ্য দিয়ে প্রথমবারের মতো বড়পর্দায় অভিষেক হয় তার। এছাড়া ছোটপর্দার ব্যস্ততা তো ছিলই। সব মিলিয়ে স্মরণীয় একটি বছর ছিল ফারিয়ার। বছর শেষে নিজের প্রথম ভোট নিয়েও উচ্ছ্বসিত তিনি। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমাদের বর্তমানে ঢাকা শহরের মূল সমস্যা ট্রাফিক জ্যাম। এই ভোগান্তি থেকে প্রথমত আমরা মুক্তি চাই। এজন্য আমার প্রত্যাশা পরবর্তী সরকার এই সমস্যাটির সমাধান করবে। শহরে বিদ্যুতের অনেক উন্নয়ন হয়েছে। গ্রামেগঞ্জে যেন উন্নতি হয়।

কক্সবাজারের মতো এত সুন্দর সমুদ্র সৈকত পৃথিবীর কোথাও দেখিনি। এটিরও আরো উন্নতি চাই।’

অনেক প্রত্যাশা নিয়ে আবারো বর্তমান সরকারকে নির্বাচিত দেখতে চান ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘আমার অভিনয়জীবনে দেশের বাইরে অনেকবার শুটিং করতে গেছি। প্রথমদিকে দেখতাম বাইরে দেশগুলো আমাদের পিছিয়ে থাকা দেশ হিসেবে চেনে। কিন্তু ইদানিং সেটির পরিবর্তন এসেছে। অনেকেই এখন আমাদের দেশ সম্পর্কে অনেক উন্নত ধারণা পোষণ করেন। এটি আমার ভালো লেগেছে। দেশটা সবার মতো আমারও। দেশকে যে এগিয়ে নিয়ে যাবে আমার ভোটটা তাকেই দেবো।’

অন্যদিকে অভিনেত্রী মুনতাহিনা টয়া বলেন, ‘ভোট কাকে দেবো সেটি বলা যাবে না। তবে আমার বেশকিছু চাওয়া রয়েছে। আমাদের দেশ প্রযুক্তিতে এখন উন্নত। এই উন্নতি আরো বাড়ুক সেটা আমি চাই। পাশাপাশি দেশের পরিস্থিতি যেন সবসময় শান্তিময় থাকে সেটি অনেক বড় প্রত্যাশা।’

ভোটার তালিকার হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে তরুণ ভোটারের সংখ্যা ২ কোটির মতো। ধারণা করা হচ্ছে, তরুণদের ভোটেই বদলে যেতে পারে অনেককিছু। চলচ্চিত্র ও টিভি নাটকে অনেক তরুণ কাজ করছেন। তাদের অনেকেই এবার প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। এ নিয়ে তাদের মধ্যে রয়েছে রোমাঞ্চকর সব ভাবনা।