চলমান করোনা ভাইরাস মহামারি পৃথিবীবাসীকে গভীর সংকটের মুখোমুখি করেছে। এ সময় অন্য পেশাজীবীদের মতো পাশে এসে দাঁড়িয়েছে স্থপতিরাও। স্থপতিদের সংগঠন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) সন্দেহভাজন ও নিশ্চিত কোভিড রোগীদের চিকিৎসাসেবা প্রদানে বাংলাদেশে প্রায় নতুন উদ্যোগ আইসোলেশন সেন্টার বা বিচ্ছিন্নতা কেন্দ্রের গাইডলাইন বা নকশা নির্দেশিকা তৈরি করার জরুরি উদ্যোগ গ্রহণ করেছে।
নির্দেশিকাটি স্থপতি এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের নতুন আইসোলেশন সেন্টার তৈরি অথবা একটি বিদ্যমান স্থাপনাকে দ্রুত সময়ের মধ্যে আইসোলেশন সেন্টারে রূপান্তর করতে সহায়তা করবে। এ কাজের জন্য বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) কর্তৃক নিয়োজিত ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় সম্প্রতি নকশা নির্দেশিকা তৈরির প্রক্রিয়া সম্পন্ন করেছে।
২১ পৃষ্ঠার এই নকশা নির্দেশিকাটি বিদ্যমান পদ্ধতিসমূহের পর্যালোচনার ভিত্তিতে এবং স্বাস্থ্যসেবা ডিজাইনের বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক, স্বাস্থ্যসেবা নকশা বিশেষজ্ঞ স্থপতি ড. নাইমা খান নকশা নির্দেশিকাটির খসড়া প্রণয়ন করেন। পরে পেশাজীবী ও বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি প্যানেল এটির ব্যবহারিক দিকগুলো রিভিউ করেন। রিভিউ প্যানেলের সদস্যরা হলেন- আইইডিসিআর এর পরামর্শক ডা. মোহাম্মদ মুশতাক হোসেন, আইসিডিডিআরবি’র ড. আলিয়া নাহিদ, স্থপতি মুশতাক কাদরি, স্থাপত্য অধিদপ্তরের স্থপতি মীর মনজুরুর রহমান, স্থপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ, স্থপতি ইশতিয়াক জহির, ইঞ্জিনিয়ার মো. হাসমোতুজ্জামান। প্রক্রিয়াটি পরিচালনা ও সম্পাদনা করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট-এর পরিবেশ ও নগরায়ণ সম্পাদক অধ্যাপক ফরিদা নীলুফার।
নকশার নির্দেশিকাটি ইতোমধ্যে বিভিন্ন সরকারি সংস্থা যেমন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পিডব্লিউডি, স্থাপত্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) প্রত্যাশা করে এই ওপেন সোর্স ডকুমেন্টটি স্থপতি এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের দ্রুত আইসোলেশন সেন্টার নকশা ও স্থাপনের জন্য সহায়তা করবে। সমগ্র বাংলাদেশ জুড়ে এ-জাতীয় আইসোলেশন সেন্টার বা বিচ্ছিন্নতা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে মহামারি মোকাবেলায় চলমান যুদ্ধে আমরা বিজয়ী হব।
উল্লিখিত ডকুমেন্টটি বাস্থই-এর ওয়েবসাইট www.iab.com.bd অথবা ফেসবুক পেইজ www.facebook.com/ArchBD থেকে যে কোনো প্রতিষ্ঠান বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।
ইত্তেফাক/আরএ
