এইচএসসি পরীক্ষা:ফিন্যান্স ,ব্যাংকিং ও বিমা

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৯:২১

এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, সারাবিশ্বে দূর্যোগ মুহূর্ত এখন। তাই তোমাদের পরীক্ষা স্থগিত হয়েছে। শীঘ্রই সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশসহ বিশ্ব। তোমাদের আবার নতুন রুটিন  হবে। এসময়টায় তোমাদের এমনিতেই নিজের মতো করে পড়াশোনা করার কথা। বাড়তি সময় যেহেতু পেয়েছো তাই নষ্ট করবে না হেলায় এ সুযোগ। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সবসময়। অধিক রাত জেগে পড়াশোনা করবে না। দেশখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ তোমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন ধারাবাহিকভাবে। তোমরা ঘরে বসেই পাবে সে পরামর্শ। চোখ রাখো অনুশীলন পাতায়।

নির্মল ইন্দু সরকার, মাস্টার ট্রেইনার

প্রভাষক,হিসাববিজ্ঞান

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ,ঢাকা।

 

প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, সংকট কেটে গেলে তোমাদের চুড়ান্ত পরীক্ষা শুরু হবে। এখনো যে বিষয়গুলোতে তোমাদের প্রস্তুতি কম ছিল বলে মনে করো সে বিষয়ে একটু মনোযোগ দাও। তাই এখন প্রয়োজন বিষয়ভিত্তিক পরিকল্পিত চুড়ান্ত প্রস্তুতি। যেহেতু ফিন্যান্স,ব্যাংকিং ও বিমা একটি গাণিতিক ও থিওরিটিক্যাল  বিষয় তাই এ বিষয়ের প্রস্তুতি অবশ্যই হবে পরিকল্পিত ও সুবিন্যস্ত। প্রথমপত্রে সৃজনশীল প্রশ্নে থিওরি ও গণিত  উভয় ধরনের প্রশ্নই থাকবে,তবে দ্বিতীয় পত্রে সৃজনশীল প্রশ্নে শুধু থিওরি প্রশ্ন থাকবে। বহুনির্বাচনি প্রশ্নে প্রথমপত্রের গাণিতিক প্রশ্ন বেশি থাকলেও দ্বিতীয়পত্রের শুধু থিওরি প্রশ্ন থাকবে। তাই দুইটি অংশের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। তবে সৃজনশীল অংশের ওপর ভালো প্রস্তুতি থাকলে বহুনির্বাচনি অংশে কাজে আসবে। অঙ্কের নিয়ম-কানুন, রীতি,নীতি ও সূত্রের ব্যবহার ভালোভাবে জানা থাকলে বহুনির্বাচনি প্রশ্নের গাণিতিক অংশের উত্তর দেওয়া অনেকটাই সহজ হবে।

রিভিশন: প্রথমপত্রের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে একটি করে  ২টি থিওরি প্রশ্ন থাকবে। যারা গাণিতিক প্রশ্নে দুর্বল তারা এই ২টি থিওরি প্রশ্ন ভালো করে পড়বে এবং পরীক্ষায় উত্তর দেওয়ার চেষ্টা করবে। ৩য় অধ্যায় থেকে গাণিতিক উদ্দীপকের আলোকে প্রশ্ন হবে,তবে প্রতিটি গাণিতিক অধ্যায়ের ক ও খ প্রশ্ন থিওরি হবে। ৪র্থ অধ্যায় থেকে অনুপাত বিশ্লেষণ,নগদ প্রবাহ ও সমচ্ছেদ বিন্দু এই ৩টি অংশ থেকে যে কোনো একটি অঙ্ক থাকবে। ৫ম অধ্যায় থেকে গাণিতিক অথবা থিওরি প্রশ্ন হতে পারে। এখানে ব্যবসায় ঋণের ব্যয়ের থিওরি ও অঙ্ক,বাণিজ্যিক পত্রের ব্যয় ও অঙ্ক,ব্যাংক ঋণের শুধু থিওরি এবং মজুদ পণ্যের থিওরি ও অঙ্ক এর উপর প্রস্তুতি নিতে হবে। ৬ষ্ঠ অধ্যায় থেকে ৩ ধরনের বন্ডের মূল্য নির্ণয় ও নির্ণয়ের প্রক্রিয়ার উপর ভালো করে প্রস্তুতি নিতে হবে। ৭ম অধ্যায় থেকে   ৮ম অধ্যায় থেকে  এবং ৯ম অধ্যায় থেকে একাধিক কোম্পানীর মধ্যে কোন কোম্পানীতে বিনিয়োগ করা উচিত এবং উচিত নয় এমন প্রশ্নের ওপর  ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয় পত্র সম্পূর্ণ থিওরিটিক্যাল হলেও কেন্দ্রীয় ব্যাংক, বৈদেশিক বিনিময় হার নির্ধারণ এবং জীবন বিমা অধ্যায় থেকে ছোট ছোট অঙ্ক আসতে পারে।

উত্তরে ধারাবাহিকতা: প্রথমপত্রে মোট ১১টি প্রশ্ন থেকে যে কোনো ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু দ্বিতীয়পত্রে ২টি বিভাগ ব্যাংকিং ও বিমা নামে থাকবে। একই প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর (ক,খ,গ,ঘ) ধারাবাহিকভাবে লিখতে হবে। তবে বিশেষ প্রয়োজনে যেকোনো অংশের উত্তর খাতায় যে কোনো জায়গায় লিখলে এবং উত্তর সঠিক হলে পূর্ণ নম্বরই পাওয়া যাবে। একই লেখা বারবার লিখতে হবে না। যেমন; ৫নং প্রশ্নের উত্তর ক, আবার ৫নং প্রশ্নের উত্তর খ। উপরে শিরোনাম হবে ৫নং প্রশ্নের উত্তর; এরপর শুধু ক,খ,গ,ঘ লিখলেই হবে। উত্তরপত্রের একাধিক স্থানে রঙ্গিন কালি ব্যবহার করার দরকার নাই। জেলপেন  কখনোই খাতায় ব্যবহার করবে না। অনেক সুন্দর করে লিখতে গিয়ে একটি প্রশ্নের উত্তর কম দেওয়ার চাইতে সাধারণভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়াই শ্রেয়। সুন্দর করে লিখার জন্য আলাদা কোনো নম্বর বরাদ্দ নাই। সঠিক লিখার জন্যই পূর্ণ নম্বর বরাদ্দ। গাণিতিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় ছক পেন্সিল দিয়ে  স্কেলের সাহায্যে করতে হবে। অঙ্কের ছকগুলো পাতার শেষে না করে উপরে বা মাঝখানে বড় করে করতে হবে।