বিনোদন রিপোর্ট
করোনা আক্রান্ত এই বিশ্বে যখন নতুন নাটক সিনেমা, এমনকি স্টুডিও অনুষ্ঠানও বন্ধ হয়ে গেছে চ্যানেলগুলোতে। ঠিক তখন দেশ-বিদেশে বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান চালু করেছে অনেকেই। ঠিক তারই ধারাবাহিকতায় নিউইয়র্কের জনপ্রিয় আইপি টিভি চ্যানেল ফিফটি টু প্রতিদিন বিভিন্ন শ্রেণি পেশাজীবী তারকা ও গুণী মানুষদের নিয়ে সরাসরি আড্ডার আয়োজন করেছে। সারাবিশ্বের বিভিন্ন শ্রেণি-পেশার বাঙালিদের এক প্লাটফর্মে আনার এই দারুণ উদ্যোগ এরই ভেতরে প্রশংসা কুড়িয়েছে। এই উদ্যোগ প্রসঙ্গে চ্যানেল ফিফটি টু’র প্রধান নির্বাহী চৌধুরী এনাম বলেন, ‘চ্যানেল ফিফটি টু দীর্ঘদিন ধরেই তাদের কার্যক্রম চালিয়েছে। এর আগে আমরা বেশকিছু বড় ইভেন্টের একক মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছি। তবে মাঝে নিউইয়র্ক ভিত্তিক কিছু কনসার্ট আয়োজনের জন্য এই উদ্যোগটি বন্ধ ছিল। এই হোম কোয়ারেন্টাইনের সময়ে আবারও যখন আমরা ফিরলাম তখন দর্শকদের বিপুল সাড়া পেয়ে সত্যিই অভিভূত হয়েছি। অনুপ্রাণিত করেছে আমাদের।’
উল্লেখ্য, বাংলাদেশের প্রথিতযশা তারকা শিল্পীরা এরই ভেতরে আড্ডা ও গানে অংশ নিয়েছেন। লাইভ এই আড্ডা সঞ্চালনা করছেন কামরান করিম ও শারমিন সিরাজ সোনিয়া।
লাইভ আড্ডা প্রসঙ্গে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফারাহ হাসিন বলেন, ‘আমার মনে হয় ভার্চুয়াল এই যুগে, এই মহামারির সঙ্কটে আমাদের আড্ডাপ্রাণ মানুষদের বিকল্প একটি পথ খুলে দিয়েছে এই ধরনের সরাসরি অনুষ্ঠানগুলো। আমাদের এই সঙ্কট কেটে গেলেও নিয়মিত এ ধরনের বিশ্বব্যাপী যোগাযোগের এই আড্ডাটা অব্যাহত থাকবে।’
(ক্লকওয়াইজ) কামরান করিম, চৌধুরী এনাম, ফারাহ হাসিন ও শারমিন সিরাজ সোনিয়া
