অনুশীলন মাঠে ম্যাচের ভাবনা রিয়ালের

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:১২

স্পোর্টস ডেস্ক

সান্তিয়াগো বার্নাব্যুর পুনর্নির্মাণ কাজ চলার কারণে নিজেদের অনুশীলন মাঠে ম্যাচ আয়োজনের কথা ভাবছে রিয়াল মাদ্রিদ। করোনা ভাইরাসের স্থগিতাদেশ কাটিয়ে মাঠে ফিরলে এটা বাস্তবায়ন করতে চায় দলটি।

ইএসপিএন জানাচ্ছে, সান্তিয়াগো বার্নাব্যুর পুনর্নির্মাণ কাজ ছাড়াও ব্যবহারিক ও নিরাপত্তাজনিত কারণও রিয়ালকে এমন সিদ্ধান্ত বিবেচনায় আনতে বাধ্য করছে।

গত বছর শুরু হওয়া পুনর্নির্মাণ কাজটি চলবে আগামী ২০২২ সাল পর্যন্ত। স্পেনে জরুরি অবস্থা জারির কারণে চলতি মাসের শুরুতে অবশ্য দুই সপ্তাহের জন্য কাজ বন্ধ রাখা হয়েছিল। গেল সপ্তাহে পরিস্থিতি কিছুটা উন্নতি হতেই আবার পুরোদমে কাজ শুরু হয় বার্নাব্যুতে।

ক্লাবের বিশ্বাস, চলতি গ্রীষ্মে বার্নাব্যুতে খেলা না চললে কাজের গতি আরো বাড়বে। চলতি মৌসুমে আর ছয়টি ম্যাচ বাকি রিয়ালের। এইবার, ভ্যালেন্সিয়া, মায়োর্কা, গেটাফে, আলাভেস ও ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচগুলো মাদ্রিদ বি দলের মাঠ আলফ্রেদো দি স্তেফানোতেও আয়োজনের ভাবনা চলছে কর্তাব্যক্তিদের মধ্যে।

এদিকে ক্লাবের এমন ভাবনায় সায় মিলেছে খেলোয়াড়দের মধ্য থেকেও। করোনা পরিস্থিতির পর লিগ মাঠে ফিরলেও দর্শকদের অনুমতি পেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। বার্নাব্যুতে ম্যাচ হলেও খেলতে হবে খালি মাঠেই। বিরান বার্নাব্যুতে খেলার চেয়ে সার্জিও রামোসরা অনুশীলন মাঠ ভালদেবেবাসে খেলার ভাবনাকেই পছন্দ করছেন, জানাচ্ছে ইএসপিএন।

এর আগে ভালদেবেবাস কমপ্লেক্সকে গত মাসে কোয়ারেন্টাইন কেন্দ্রও বানানো হয়েছিল, যখন রিয়ালের বাস্কেটবল দলের খেলোয়াড় ট্রে থমকিনস করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছিলেন। রিয়ালের ফুটবল আর বাস্কেটবল দল একই ব্যায়ামাগার ব্যবহার করে, এ কারণে ফুটবল দলকেও পাঠানো হয়েছিল কোয়ারেন্টাইনে। সেই থেকে ভালদেবেবাসে তালা ঝুলছে। খেলোয়াড়রা অনুশীলন করছেন ঘরে থেকেই। রিয়ালের এ ভাবনা কবে বাস্তবতার মুখ দেখবে সেটা এখনো ধোঁয়াশাতেই রয়ে গেছে। তবে সম্প্রতি দলগুলোকে অনুশীলনের অনুমতি দেওয়া সুরঙ্গের শেষে আশার আলোই দেখাচ্ছে।