আর্সেনালের কোচ-খেলোয়াড়দের বেতন কমল

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:১২

প্রায় দুই সপ্তাহ ধরে চলা আলোচনা শেষে অবশেষে বেতন কম নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন আর্সেনালের সিনিয়র কোচ, মূল দলের খেলোয়াড় ও খেলার সঙ্গে সম্পৃক্ত স্টাফরা। গত সোমবার লন্ডনের ক্লাবটি একটি বিবৃতিতে এ কথা জানায়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ মাস ১২.৫ শতাংশ বেতন কম নেবেন তারা। এ সিদ্ধান্ত চলতি মাসের শেষ থেকেই কার্যকর হবে। চলবে আগামী বছর মার্চ মাস পর্যন্ত। যদিও ক্লাবটি ঘোষণা দিয়ে আসছে মৌসুমে মাঠে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে সক্ষম হলে কেটে নেওয়া বেতন আবারও ফিরে পাবেন স্টাফরা। ক্লাবটির বিশ্বস্ত সূত্র ধরে ইএসপিএন জানাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে ফেরা নিশ্চিত করতে পারলে ১২.৫ শতাংশের পুরোটাই ফিরে পাবেন খেলোয়াড়রা। আর যদি ইউরোপা লিগ নিশ্চিত করে দল, তাহলে কিছু কম অংশ বেতন ফিরে পাবেন মেসুত ওজিলরা।