রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৫২ হাজার ৭৬৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫৬ জনের মৃত্যু হয়েছে। —সিএনএন
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উত্পত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে নতুন করে আরো ৫ হাজার ৬৪২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৭৬৩। এছাড়া নতুন করে আরো ৫১ জনের মৃত্যুর ফলে মৃতের সংখ্যা বেড়ে ৪৫৬-তে দাঁড়িয়েছে। রাশিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে রাজধানী মস্কোতে। চলতি এপ্রিলের গোড়ার দিক থেকে দেশটিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে।
