রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগতিতে সোমবার সন্ধ্যায় কালবৈশাখি ঝড়ে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও চারটি মসজিদসহ অর্ধশতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় উপড়ে পড়েছে অনেক গাছ। চেয়ারম্যান বাজার এলাকার বাসিন্দা মো. তছলীম জানান, হঠাত্ উপজেলার চর আব্দুল্যাহ ইউনিয়নের চেয়ারম্যান বাজার, কামাল বাজার ও জনতা বাজার এলাকায় কালবৈশাখী আঘাত হানে। এতে চেয়ারম্যান বাজার জামে মসজিদ, কামাল বাজার জামে মসজিদ, আশ্রয়ণকেন্দ্র জামে মসজিদ ও জনতা বাজার জামে মসজিদসহ অর্ধ শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়। প্রচণ্ড ঝড়ে টিপু সুলতান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ চর আব্দুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। বিধ্বস্ত হয়েছে জনতা বাজার নুরানি মাদ্রাসার টিনশেড ঘরটিও। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মঞ্জুর জানান, বিভিন্ন এলাকায় অন্তত ২৫টি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৩৫টি বসতঘর আংশিক বিধ্বস্ত হয়। তিনি আরো জানান, ঝড়ে গাছ উপড়ে পড়ার পাশাপাশি দুটি বিদ্যালয়, একটি মাদ্রাসা, চারটি মসজিদ ও স্থানীয় পুলিশ ক্যাম্পের একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে জমা দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। বরাদ্দ পেলে তাদের সহায়তা দেওয়া হবে।
