নাসিম আলী, পিরোজপুর অফিস
করোনা পরিস্থিতিতে পিরোজপুর জেলার স্বরূপকাঠির ক্রিকেট ব্যাট শিল্পে মারাত্মক ধস নেমেছে। ৬৭টি কারখানার মালিকদের সমন্বয়ে গঠিত নেছারাবাদ উপজেলায় ক্রিকেট ব্যাট উত্পাদন ও ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক মো. আলামীন ইত্তেফাককে জানান, সমিতির সদস্যরা এসএমই ফাউন্ডেশনের ঋণ সুবিধাভোগী। ব্র্যাক ব্যাংক থেকে বিভিন্ন সময় তারা ৬৯ লাখ টাকার ঋণ নিয়ে এ শিল্প পরিচালনা করছিলেন। কিস্তিতে তাদের ঋণ শোধ করা হচ্ছিল। বৈশাখী মেলা উপলক্ষ্যে যে কোটি কোটি টাকার ক্রিকেট ব্যাট বাজারে সরবরাহ করা হয়েছিল তা অবিক্রিত অবস্থায় কারখানা এবং পাইকারি ও খুচরা বিক্রেতার কাছে আটকে গিয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে এই টাকা আদায় হওয়ার সুযোগ না থাকায় এক দিকে যেমন তারা ঋণগ্রস্ত থেকে যাচ্ছেন অন্য দিকে ঘরে পরিবার-পরিজন নিয়ে অনাহারে, অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে।
