কুষ্টিয়ায় দুলাভাইয়ের হাতে শ্যালক খুন গ্রেফতার ১

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:২৫

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মঙ্গলবার দুপুরে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন হয়েছে। নিহতের নাম পিয়াস (১২)। সে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের সুলতানের ছেলে। এদিকে পুলিশ এলাকাবাসীর সহায়তায় হত্যাকারী দুলাভাই শাকিলকে (২০) গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শাকিল শ্যালক পিয়াসকে বাড়ির পাশের পরিত্যক্ত একটি গোডাউনে ডেকে নিয়ে যায়। এরপর গলায় অ্যালুমিনিয়ামের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর পাটের একটি বস্তায় লাশ ঢুকিয়ে রেখে পালিয়ে যায়। ঘটনার পর পিয়াসকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে ঐ গোডাউন থেকে লাশ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খুব শিগিগরই এ হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটন ও আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।