পিরোজপুরে শুরু হচ্ছে ১০ টাকা দরের চাল বিক্রি

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:২৬

এক জন রেশনকার্ডধারী মাসে পাবেন ২০ কেজি চাল

পিরোজপুর অফিস

জেলায় বিশেষ ওএমএসের মাধ্যমে একজন রেশনকার্ডধারী ১০ টাকা দরে মাসে দুই বার করে মোট ২০ কেজি চাল পাবেন। আগামী ২৫ এপ্রিলের মধ্যে এ কার্যক্রম শুরু হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চারটি পৌরসভার বাসিন্দাদের জন্য রেশনকার্ডের মাধ্যমে এপ্রিল মাস থেকে বিশেষ ওএমএসের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করবে। এজন্য পিরোজপুর পৌরসভায় ৪ হাজার ৮০০, মঠবাড়িয়া পৌরসভায় ১ হাজার ৮০০, স্বরূপকাঠি পৌরসভায় ১ হাজার ৮০০ ও ভাণ্ডারিয়া পৌরসভায় ১ হাজার ২০০ পরিবার রেশন কার্ডের জন্য মনোনীত করা হয়েছে। পিরোজপুর পৌরসভায় ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রির জন্য ৯ জন, মঠবাড়িয়া পৌরসভায় তিন জন, স্বরূপকাঠি পৌরসভায় তিন জন ও ভাণ্ডারিয়া পৌরসভায় দুই জন ডিলার নিয়োগ করা হয়েছে।

পিরোজপুর জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক সঞ্জীব চাকমা বলেন, পৌরসভাগুলো রেশন কার্ডের সুবিধাভোগীদের তালিকা করার পর কার্ড বিতরণের কাজ চলবে। এজন্য চারটি পৌরসভায় ১৬ টন চাল বিক্রির জন্য বরাদ্দ দিয়েছি।