মাগুরা প্রতিনিধি
মাগুরায় বজ্রপাতে এক জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার শ্রীপুর উপজেলার কোদলা গ্রামে বৃষ্টির মধ্যে বজ্রপাতে বশির আহমদ ( ৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত বশির আহমেদ কোদলা গ্রামের পঞ্জাব আলীর ছেলে। মাঠ থেকে ফেরার পথে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
কমলনগরে কৃষকের মৃত্যু
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, কমলনগরে বজ্রপাতে কামাল হোসেন (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। কামাল ঐ এলাকার আব্দুল ওদুদের ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে ঝড়ো হাওয়া বইতে শুরু করলে কামাল বাড়ির পাশের বিল থেকে গরু আনতে যায়। এ সময় আকস্মিক বজ পাতে গরুসহ তার মৃত্যু হয়। কমলনগর থানার ওসি মুহাম্মদ আবছার উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেন।
গাংনীতে যুবক আহত
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান, গাংনী উপজেলার ধানখোলা গ্রামে বজ্রপাতের ঘটনায় বাদল হোসেন (২৬) নামের এক যুবক আহত হয়েছেন। আহত বাদল ধানখোলা গ্রামের মাঠপাড়ার জুব্বার আলীর ছেলে। সে পেশায় একজন কৃষক। সোমবার দিবাগত রাতে বজ্রপাতে আহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার রাতে আকাশ থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি পড়ছিল। এ সময় আকস্মিক বজ্রপাত তার শরীরে আঘাত করলে তিনি আহত হন। পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রাতেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
