লকডাউন অমান্য করায় জরিমানা

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:২৭

ইত্তেফাক ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের নির্দেশ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

সখীপুর (টাঙ্গাইল) : সখীপুরে তিন চালককে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার গভীর রাতে কালিহাতী-সখীপুর সড়কের বহেড়াতৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। আদালত সূত্রে জানা যায়, ভুঞাপুর থেকে দুটি বালুর ট্রাক ও ঢাকার গাবতলী থেকে অপ্রয়োজনীয় মালামালের (খাদ্যদ্রব্য নয়) একটি ট্রাক গোপনে আঞ্চলিক সড়ক ব্যবহার করে সখীপুরে আসে। পরে বালুর দুই ট্রাকের চালককে ২০ হাজার ও গাবতলী থেকে আসা ট্রাকের চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বিষয়টি নিশ্চিত করেন।

ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশাল পৌর বাজারে দুই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, মঙ্গলবার দুপুরে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। ত্রিশাল থানা রোডের মৃধা মার্কেটে নওবাহার বস্ত্রালয়ের প্রোপাইটর আব্দুল ওয়াদুদ মেজুকে ১০ হাজার টাকা ও দরিরামপুর নজরুল একাডেমী রোডে নেওয়াজ মার্কেটের ভাই ভাই বস্ত্রালয়ের প্রোপাইটর ওয়াহিদুজ্জামানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মান্দা (নওগাঁ) : মান্দায় দোকান খুলে রাখার দায়ে ছয় প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন হাটবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।