ত্রাণ বিতরণ স্বচ্ছ করুন

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:৪১

কোন ভাণ্ডার থেকে ত্রাণ দেওয়া হচ্ছে, কারা পাচ্ছে, ত্রাণ কমিটি ঠিকভাবে কাজ করছে কি না, স্বজনপ্রীতি হচ্ছে কি না, ত্রাণের পরিমাণ ঠিক যাচ্ছে কি না—এ বিষয়ে দায়বদ্ধতার জায়গা কাদের, তা দেখা খুব দরকার হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানাব—প্রতিদিন ত্রাণ বিতরণের পরিপূর্ণ চিত্র তুলে ধরার জন্য। কোন কোন এলাকায় চেয়ারম্যানরা তাদের মেম্বারদের দ্বারা কতটুকু ত্রাণ কতজনকে কতটুকু দিচ্ছেন তা প্রকাশ না করলে ত্রাণের দুর্নীতি কখনোই ধরা যাবে না। যে পরিমাণ দেওয়ার কথা সে পরিমাণ না দিলে যারা ত্রাণ নেয় তাদের পক্ষে জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ দেওয়ার মতো ক্ষমতা নেই। যারা ত্রাণ দেয় তাদের তালিকায় তাদের মানুষ ছাড়া অন্য মানুষ আছে কি না তা বোঝার কোনো উপায় নেই। গাজীপুরের মতো শিল্পাঞ্চলে ত্রাণ দেওয়া আরো চ্যালেঞ্জিং হয়ে উঠছে। অনেক পোশাক-শ্রমিকের ঘরে চাল নেই। ভোটার আইডি কার্ডের বিপরীতে ত্রাণ দিতে গিয়ে অনেক অভাবী মানুষ বাদ পড়ে যাচ্ছে। এ বিষয়টিও দেখা খুব প্রয়োজন। ত্রাণের হটলাইনে ফোন করলে ত্রাণ পাওয়া যাবে এমন নিশ্চয়তা থাকলেও হটলাইন নাম্বার পৌঁছেনি অনেকের কাছে। অভুক্ত মানুষের আহাজারি বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজ করে গেলেও সুফল পাওয়া যাবে না যদি এমন অনিয়ম হয়। আমাদের ত্রাণ বিতরণে স্বচ্ছতা আনতে খুব বেশি দায়বদ্ধতার জায়গা বাড়াতে হবে। প্রশাসন এক্ষেত্রে ভূমিকা না রাখলে অস্বচ্ছতা থেকেই যাবে আর তাতে বাড়বে ক্ষুধা ও আহাজারি।

সাঈদ চৌধুরী, শ্রীপুর, গাজীপুর