ফার্মাসিস্টদের অবদান কেন পত্রিকার শিরোনাম হয় না?

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:৪১

নোবেল করোনা ভাইরাসের হানায় নিস্তব্ধ গোটা বিশ্ব। এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, সংবাদকর্মী ও ব্যাংক কর্মকর্তারা। তাঁদের কাজকে উত্সাহিত করতে প্রশংসায় পঞ্চমুখ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের গণমাধ্যমগুলো। সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা ঘোষণা করা হচ্ছে, যা প্রশংসনীয়। কিন্তু ভিন্ন চিত্র ফার্মাসিস্টদের ক্ষেত্রে, যাঁরা কি না পর্দার অন্তরালে থেকে স্বাস্থ্যসেবার অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছেন। এই ফার্মাসিস্টরা একটি গাড়িতে ৮-১০ জন করে সকাল ৭টায় গিয়ে রাত-দিন এক করে আমাদের ডাক্তারদের প্রেসক্রাইব করা ওষুধগুলো পরম মমতায় তৈরি করছেন। লকডাউন থাকা সত্ত্বেও করোনার ঝুঁকি নিয়ে দেশের ওষুধের চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। অথচ তাঁরা প্রণোদনা দূরে থাক, ন্যূনতম স্বীকৃতিটুকু পাচ্ছেন না সরকারের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বা গণমাধ্যম থেকে।  এটাই কি তাঁদের প্রাপ্য ছিল?

তানভীর আহমেদ রাসেল, শিক্ষার্থী,

ফার্মেসি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়