বর্ধিত সাধারণ ছুটিতে স্বাভাবিক কর্মকাণ্ড এককথায় স্থবির। কর্মহীন হয়ে আছেন কয়েক লাখ লোক। এমন গভীর সংকটকালে আমাদের সামনে মুসলমানদের সর্বাপেক্ষা পবিত্র মাস রমজান। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত মূল্যে স্বাভাবিক সময়ের তুলনায় এই মাসে সাধারণ মানুষের বিড়ম্বনা বাড়ে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও মজুতদারের কারণে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম অন্যান্য সময়ের চেয়ে বেড়ে যায়। সৃষ্টি হয় কৃত্রিম সংকট। করোনা ভাইরাস সংক্রমণের প্রথম পর্যায়েও এই চিত্রটি দেখতে হয়েছে। সিন্ডিকেট বাণিজ্যের কাছে জিম্মি সাধারণ ক্রেতা ও ভোক্তা। সরকারের অনুরোধ, নির্দেশ ও কঠোর হুঁশিয়ারির পরও থেমে থাকে না ভয়াবহ বাণিজ্য ভাইরাস ‘সিন্ডিকেট’-এর অপতত্পরতা। নিত্য-প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ ও মূল্যের স্থিতিশীলতা নিশ্চিত না হলে চলমান পরিস্থিতিতে সিংহভাগ কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের সংকট লাঘব হবে না। তাই প্রতিটি দোকানে নির্ধারিত মূল্য-তালিকা প্রদর্শন, স্থানীয় প্রশাসনের যথাযথ ও নিয়মিত তদারকি এবং সিন্ডিকেটভুক্ত অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণে সরকারের সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগ প্রত্যাশা করছি।
আবু ফারুক, সহকারী শিক্ষক,
ভাগ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান
