জানাজায় লোক সমাগম ঠেকাল পুলিশ
বরিশাল অফিস
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রয়াত সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন হিরনের বড়ো ভাই মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ আর নেই। সোমবার দিবাগত রাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
এদিকে প্রয়াত মেয়র হিরনের ভাইয়ের জানাজা নামাজে লকডাউন ভেঙে ব্যাপক জনসমাগমের আশঙ্কায় হিরনের বাসার আশপাশসহ তিনটি নির্দিষ্ট এলাকার ৫০০ গজের মধ্যে যে কোনো মাইক বা লাউড স্পিকার ব্যবহার কিংবা পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে মেট্রোপলিটন পুলিশ। নিজ বাড়ির সামনে পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠ ১৫/২০ জনের অংশগ্রহণে তড়িঘড়ি করে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় তাকে মুসলিম গোরস্থানে দাফন করা হয়। দাফন সম্পন্ন হওয়ায় পর ঐ আদেশ প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
