সম্পাদকদের বিরুদ্ধে মামলায় এডিটরস গিল্ডের উদ্বেগ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:৫০

ত্রাণ চুরির সংবাদ প্রচার

ইত্তেফাক রিপোর্ট

চাল ও ত্রাণ চুরির খবর প্রকাশের জের ধরে সম্পাদকদের বিরুদ্ধে মামলায় উদ্বেগ জানিয়েছে এডিটরস গিল্ড। গতকাল গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। ত্রাণ ও চাল চুরির সংবাদ প্রচার করায় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মামলাটি করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, তাদের হয়রানি করা বাক-স্বাধীনতা তথা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল। সাংবাদিক সমাজ একদিকে করোনা ভাইরাসের কারণে এই মহা দুর্যোগের সময় নিরলস পরিশ্রম করে জনগণকে তথ্য সেবা দিয়ে যাচ্ছে। এ ধরনের মামলার মাধ্যমে রাষ্ট্র ও সরকারের সঙ্গে সাংবাদিক সমাজের দ্বন্দ্ব তৈরি করার অপচেষ্টা করছে একটি মহল। এতে পুলিশ ও প্রশাসনকে সম্পাদকদ্বয়কে হয়রানি না করা ও তাদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।