দুঃসময়ের সাগর আমরা অচিরেই পাড়ি দেব :নাসিম

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২২:২৬

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনা ভাইরাসের কারণে ভয়াবহ দুঃসময় পার করছে বাংলাদেশ। তবে দুঃসময়ের সাগর আমরা অচিরেই পাড়ি দেব ইনশাল্লাহ। গতকাল তার ধানমন্ডির নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী ইউনিয়ন চত্বরে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নাসিমের নিজস্ব অর্থায়নে দুই হাজার দুস্থ, গরিব ও দুঃখী মানুষের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনার কারণে যারা কর্মহীন ও বেকার হয়ে পড়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই এমন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সরকারি ত্রাণের পাশাপাশি নিজস্ব অর্থায়নে এসব ত্রাণ তত্পরতায় সরাসরি তত্ত্বাবধায়ন করছেন সাবেক এমপি তানভীর শাকিল জয়। করোনায় কর্মহীন মানুষ কেউ না খেয়ে থাকবে না। আমরা সবার পাশে থাকব। এখানে কে আমাকে ভোট দিল, কে দিল না—সেটা দেখা হবে না। দলমত নির্বিশেষে সবাইকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এখন রাজনীতির সময় নয়, এখন মানবিকতা দেখানোর সময়। ত্রাণ বিতরণ নিয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘জেনে আনন্দিত হয়েছি যে, উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে হটলাইনের মাধ্যমে এলাকার জনগণের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। ওষুধও ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকতে। দলমত নির্বিশেষে করোনা যুদ্ধে জয়ী হতে সবাই ঘরে থাকবেন। আপনাদের জন্য যা করণীয় আমরা করব।’ ভিডিও কনফারেন্সে সোনামুখী ইউনিয়ন চত্বরে ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন প্রমুখ।