কাওরান বাজারে গা ঘেঁষে কেনাবেচা, বাড়ছে করোনার ঝুঁকি

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২২:২৮

সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব মানা হচ্ছে না রাজধানীর কাঁচাবাজারগুলোয়। এতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গতকাল মঙ্গলবার রাজধানীর কাওরান বাজার ঘুরে দেখা গেছে ক্রেতা-বিক্রেতা গা- ঘেঁষে কেনাকাটা করছেন। এছাড়া মুদি দোকানেও একই চিত্র। তবে মুদি দোকান দুপুর ২টার পর বন্ধ হয়ে যাবে, সে কারণে ভিড় ছিল বেশি।

কাওরান বাজারের ক্রেতা সোহেল হোসেন বলেন, বাসায় বাজার নেই। তাই কেনাকাটা করতে এলাম। কিন্তু এখানে এসে দেখি রীতিমতো মেলা বসেছে। যে যেভাবে পারছে গা-ঘেঁষাঘেঁষি করে কেনাকাটা করছে।

কাওরান বাজারের সবজি বিক্রেতা মোর্দেশ মিয়া জানান, করোনার কারণে বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। কিন্তু যারা আসছেন, তাদের অনেকেই সামাজিক দূরত্ব মানছেন না। বাজারের প্রবেশ পথে বড়ো করে ওয়ানওয়ে লেখা রয়েছে। হাতেগোনা কয়েক জন ক্রেতা এই নিয়ম মানছেন। বাকিরা গা-ঘেঁষাঘেঁষি করে চলাচল করছেন।

তেজগাঁও থানার ওসি (অপারেশন) হাসনাত খন্দকার বলেন, কাওরান বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতে আশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। জনগণকে পুলিশের বেঁধে দেওয়া নিয়মের মধ্যে থেকেই বাজার করতে বলা হয়েছে। আমরাও শতভাগ সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করে যাচ্ছি।

ঢাকা উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া বলেন, আমরা মার্চের মাঝামাঝিতেই যে সব এলাকায় জনসমাগম বেশি হয়, সেসব এলাকায় হাত ধোয়ার ব্যবস্থা করেছিলাম। আমাদের এখন পরিকল্পনা হচ্ছে বাজারগুলোকে ফাঁকা জায়গায় সরিয়ে নেওয়া। ইতিমধ্যে বনানী মাঠে বনানী কাঁচাবাজার সরিয়ে নিয়েছি। এরপর মিরপুর শাহ্?আলী মার্কেটও সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। কাওরান বাজারও সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে। সিটি করপোরেশনের কর্মীরা করোনা সচেতনতায় কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।