মক্কা-মদিনার মসজিদে প্রবেশে বিধিনিষেধ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২২:২৯

করোনা ভাইরাসের বিস্তাররোধে পবিত্র রমজান মাসেও সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে সর্বসাধারণের জন্য তারাবিহসহ পাঁচ ওয়াক্ত নামাজে উপস্থিতি স্থগিত থাকবে। সোমবার রাতে দেশটির হারামাইন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আবদুর রহমান আস সুদাইস টুইটার ও ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। সৌদি স্বাস্থ্যবিষয়ক যৌথ কমিটির পরামর্শে জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. আবদুর রহমান আস সুদাইস জানান, কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে স্টাফদের নিয়ে তারাবিহ অনুষ্ঠিত হবে। এতে সাধারণ জনগণ উপস্থিত হতে পারবে না। তারাবিহ নামাজের রাকাআত সংখ্যা কমিয়ে ১০ রাকাআত করা হয়েছে। ১০ রাকাআত তারাবিহ এবং বিতর পড়া হবে। এছাড়া দোয়া সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ঐ দুই পবিত্র মসজিদে ইফতারের সম্মিলিত বিশাল আয়োজন বাতিল করা হয়েছে। তবে রোজাদারদের জন্য মক্কা ও মদিনা শহরের চারদিকে ইফতারের বক্স সরবরাহ ও বিতরণ করা হবে। এছাড়া ঐ দুই মসজিদে এবার আর ইতেকাফ অনুষ্ঠিত হচ্ছে না। এবারের রমজানে ওমরাহও বন্ধ থাকবে। মক্কা ও মদিনায় তারাবিহ ও তাহাজ্জুদের অংশগ্রহণকারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মক্কা ও মদিনা উভয় শহরেই বর্তমানে ২৪ ঘণ্টার কারফিউ চলমান রয়েছে। নাগরিক এবং অভিবাসীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দেশটির বিভিন্ন প্রদেশের প্রবেশ মুখে সবাইকে করোনা টেস্ট করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে শ্রমিক ক্যাম্প এবং বাসাবাড়িতেও গণহারে করোনা পরীক্ষা করছেন।