ত্রাণের দুর্নীতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস সংঘর্ষে আহত ৭

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২২:৩০

চুনারুঘাটে ত্রাণের চাল বিতরণে অনিয়ম দেখিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের এক সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাত জন আহত হয়েছেন। গতকাল এ ঘটনা ঘটে।

জানা গেছে, ত্রাণের চাল বিতরণে অনিয়ম দেখিয়ে মালেক মেম্বার গ্রুপের এক যুবক স্ট্যাটাস দেন। এর প্রতিবাদ করেন চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী গ্রুপের লোকজন। এ ঘটনায় গতকাল বিকাল সাড়ে ৪টায় উপজেলা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে উভয় পক্ষের সংঘর্ষ হয়। আহতরা হলেন চন্দনা গ্রামের পুলিশ সদস্য কামরুল, একই এলাকার মিজান, মধ্যম আমকান্দি গ্রামের সজল মিয়া, আলমগীর ও সেলিম, আব্দুল মালেক, সুহাগ। উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন, ‘ব্যক্তিগত রেষারেষি ও ফেসবুকের স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ হয়েছে।’ ইউপি চেয়ারম্যান শামছুন্নাহার বলেন, ‘ত্রাণের চাল বিতরণ নিয়ে নয়। ভুল বোঝাবুঝির কারণে ঝগড়া হয়েছে।’ স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, ‘চাল বিতরণসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির খবর জেলা প্রশাসক, দুদকসহ বিভিন্ন জায়গায় জানালে চেয়ারম্যান শামছুন্নাহার ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করান তার লোকজন দিয়ে।’