বরিশাল বিভাগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ২৪ জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জন। জেলায় গত ২৪ ঘণ্টায় আরো সাত জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা ৩১ জন। জেলার বাবুগঞ্জ উপজেলার দুই জনের এক জন নারী (৩৬) ও এক জন পুরুষ (২৬), বানারীপাড়ার বাসিন্দা দুই জনের এক জন নারী (১৭) ও এক জন পুরুষ (৪০), উজিরপুরের এক জন পুরুষ (৩৮), হিজলা উপজেলার বাসিন্দা এক জন পুরুষ (৬৫) এবং বরিশাল নগরীর বাসিন্দা এক জন পুরুষ (৪৫) নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বরিশাল জেলার বাবুগঞ্জ ১০ জন, মুলাদী এক জন, হিজলায় দুই জন, আগৈলঝাড়ায় এক জন, গৌরনদীতে দুই জন, উজিরপুর এক জন, বানারীপাড়া দুই জন, মেহেন্দীগঞ্জে দুই জন এবং বাকেরগঞ্জে এক জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ঐ সাত জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের বসবাসের আশপাশের অবস্থান চিহ্নিত করাসহ তাদের যাতায়াত এবং প্রতিবেশী ও স্বজন তাদের সংস্পর্শে যারা ছিলেন তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
করোনা ইউনিটে আরো এক রোগীর মৃত্যু
এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় রাশেদুল আলম (৫৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হতে তার শরীরের নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্র জানায়, হূদেরাগের কথা বলে রবিবার তিনি শেবাচিম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হন রাশেদুল আলম। পরীক্ষা-নিরীক্ষায় তার হূদেরাগ পাওয়া যায়নি। করোনার উপসর্গ থাকায় ঐদিন তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়।
২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ৩৫৭ জন
বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে এ পর্যন্ত মোট ৩ হাজার ৬১৯ জন ব্যক্তি ছাড়পত্র পেয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র দেওয়া হয়েছে মাত্র ১৪৮ জনকে। পাশাপাশি নতুন করে ২৪ ঘণ্টায় বরিশাল নগর ছাড়া বিভাগের ছয় জেলায় ৩৫৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
