মোংলা ইপিজেডে চাকরিচ্যুতির ভয় দেখিয়ে কাজ করানোর অভিযোগ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২২:৩০

মোংলা ইপিজেডের একটি প্রতিষ্ঠানে শ্রমিকদের দিয়ে জোর করে কাজ করোনা হচ্ছে বলে অভিযোগ করেছে শ্রমিকরা। কাজে যোগ না দিলে চাকরিচ্যুত করা হবে বলে শ্রমিকদের কাজে যেতে বাধ্য করা হচ্ছে। এছাড়া কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে এসব শ্রমিকরা সামাজিক দূরত্বও মানছে না। গা ঘেঁষে হাঁটাহাঁটি করে এবং যানবাহনে ঠাসাঠাসি করেই অফিসে ছুটছেন।

গতকাল মঙ্গলবার ভোরে মোংলার স্থায়ী বন্দরের বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ইপিজেডের জীম লাইট বিডি বাংলাদেশ নামক ফ্যাক্টরি অভিমুখে দল বেঁধে ছুটছে শ্রমিকরা। এ সময় সাংবাদিকদের ছবি তুলতে দেখে ছুটে আসেন শ্রমিকরা। তবে শ্রমিকরা সামাজিক দূরত্ব না মানলেও সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভূমিকাও দেখা যায়নি।

শ্রমিকরা জানান, তাদের জোর করে কাজে আনা হচ্ছে, কাজে যোগদান না করলে চাকরি থেকে বাদ দেওয়া হবে বলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করাচ্ছেন। তবে ফ্যাক্টরির ম্যানেজার নাজমুল ইসলাম শ্রমিকদের এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটা শ্রমিকদের মনগড়া কথা। কাউকে বাধ্য করা হচ্ছে না, যারা করছে নিজের ইচ্ছায় করছে।

এ বিষয়ে মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মাহমুদ আহমেদ সিদ্দিক বলেন, শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে জোর করে কাজ করালে ঐ ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, করোনা বিধিনিষেধে ইপিজেডের ২৩টি ফ্যাক্টরি সম্পূর্ণ বন্ধ রয়েছে। নিয়ম না মেনে জীম লাইট তাদের প্রতিষ্ঠান চালু রেখেছে, এতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।