রামেক হাসপাতালের চিকিত্সক-নার্সদের ব্যবহূত পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট) বিক্রি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে গণধোলাই খেয়ে পালিয়েছে দুই জন পরিচ্ছন্ন কর্মী (সুইপার)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী বিশ্ব-গোডাউন মোড়ে এ ঘটনা ঘটে। ঐ পরিচ্ছন্ন কর্মীরা হলেন হরিলালের ছেলে কুঞ্জুলাল ও কালুয়া বাসপারের ছেলে রনি বাসপর। তারা উভয়ই রামেকে কর্মরত ও হরিজন পল্লির বাসিন্দা। তবে গণধোলাইয়ের আগেই ট্রাক চালকদের নিকট ১৫০ টাকা করে পিপিই বিক্রি করেন তারা। ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে তারা জিজ্ঞাসাবাদের মুখে রামেক হাসপাতালের চিকিত্সক-নার্সদের ব্যবহূত পিপিই কুড়িয়ে পরিষ্কার করে বিক্রির সত্যতা স্বীকার করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা পিপিইগুলো জব্দ করে দুই জনকে গণধোলাই শুরু করে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যান।
এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এক রোগীর শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়ায় নিয়মিত ব্রিফিং বাতিল করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এক বৃদ্ধের শরীরে করোনা সংক্রমণ পজিটিভ হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ বলেন, ‘বুধবার থেকে আর ব্রিফিং হবে না। এটি অনলাইনে করার চিন্তা চলছে। সংক্রমক ব্যাধি হাসপাতালে ভর্তি ৯ জন রোগী সুস্থ আছেন। তাদের করোনা না পাওয়ায় ছাড়পত্র দেওয়া হচ্ছে। জেলায় সংক্রমিত অপর সাত রোগী ভালো আছেন।’ অন্যদিকে জেলা সিভিল সার্জন জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলা থেকে রাজশাহী আসা ৩০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এ পর্যন্ত ১ হাজার ৫৬৮ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। ছাড়পত্র দেওয়া হয়েছে ১ হাজার ২০৪ জনকে।
