শূন্য হওয়া পাবনা-৪ আসনের উপনির্বাচন আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে চলমান করোনা ভাইরাসের কারণে নির্বাচন আয়োজনে কোনো কারণে দেরি হলে সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ৩০ জুনের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে পারবেন।
গত ২ এপ্রিল পাবনার সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গত ১৩ এপ্রিল জাতীয় সংসদ সচিবালয় এই আসনটি শূন্য ঘোষণা করে। সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। সে অনুযায়ী, আগামী ৩০ জুন নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে করোনার জন্য সব নির্বাচন স্থগিত রয়েছে। তাই এই নির্বাচনটিও স্থগিত কার্যক্রমের মধ্যেই রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ আসনের নির্বাচনের কার্যক্রম শুরু হবে। শামসুর রহমান শরীফ পাবনা-৪ আসন (আটঘরিয়া-ঈশ্বরদী) থেকে জাতীয় সংসদে পাঁচবার প্রতিনিধিত্ব করেছেন।
