করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘করোনা (কোভিড-১৯) দুর্যোগকালীন বিশেষ বৃত্তির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ বৃত্তির পরিমাণ শিক্ষার্থীর আর্থিক অবস্থা বিবেচনায় নির্ধারিত হবে। গতকাল মঙ্গলবার চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক ও সাধারণ সম্পাদক অধ্যাপক মনজুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সময় শিক্ষার্থীদের ব্যক্তি মর্যাদা সমুন্নত রাখতে আবেদনকারী এবং তালিকাভুক্ত বৃত্তি গ্রহীতাদের ব্যক্তি-পরিচয় সমিতি গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করবে।
তালিকা প্রণয়নের ক্ষেত্রে যেসব বিষয়াবলিকে প্রাধান্য দেওয়া হবে সেগুলো হচ্ছে যেসব শিক্ষার্থীর পিতা বা উপার্জনক্ষম অভিভাবক জীবিত নেই এবং আর্থিকভাবে অসচ্ছল, যে সব শিক্ষার্থীর পিতা-মাতা কর্মহীন, যে সব শিক্ষার্থীর পিতা-মাতার উপার্জন অপ্রতুল, যে সব শিক্ষার্থী প্রতিবন্ধী ও পারিবারিকভাবে অসচ্ছল। তারা এই লিংকে https://forms.gle/ VPpQB8GQJE3aecFu9, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির [email protected] এই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবে। ইন্টারনেটে যোগাযোগ সম্ভব না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী বিভাগীয় সভাপতির সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেও আবেদন করতে পারবে। আগামী ২৭ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্টদের আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।
