সিরিয়ার মানবিজ শহরে বাশার আল আসাদ বাহিনীর কোনো সদস্য সেখানে প্রবেশ করতে পারেনি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আর্ল ব্রাউন বলেছেন, সিরিয়া মানবিজে তাদের যে নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে তার স্বপক্ষে তারা জোরালো কোনো প্রমাণ বা এর কোনো সত্যতা দেখাতে পারেননি।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র আর্ল ব্রাউন বলেছেন, সব পক্ষকেই মানবিজের অখণ্ডতা এবং সেখানকার বাসিন্দাদের সুরক্ষার প্রতি সম্মান দেখাতে হবে। তিনি বলেন, মানবিজে সামরিক বাহিনীর পরিবর্তন নিয়ে কিছু ভুল তথ্য রয়েছে। তা সত্ত্বেও সেখানে সিরীয় বাহিনী জায়গাটি নিয়ন্ত্রণের যে দাবি তুলেছে তা আমরা অত্যন্ত সচেতনভাবেই প্রত্যাখ্যান করছি। উল্লেখ্য, সিরিয়ায় মানবিজ কৌশলগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ শহর। এটি তুর্কি সীমান্তের খুব কাছে অবস্থিত। ২০১৬ সাল থেকে মানবিজ শহরে কুর্দি বাহিনী মোতায়েন রয়েছে। আর তাদের সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। অন্যভাবে বলতে গেলে কুর্দি বিদ্রোহীদের প্রধান পৃষ্ঠপোষক ও অস্ত্র সরবরাহকারী হচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র বলেন, আমাদের লক্ষ্য পরিবর্তন হয়নি। সিরিয়া থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলেও মিত্রদের প্রতি সহায়তা আমাদের বন্ধ হবে না। বরং তাদের প্রতি আমাদের সহায়তা সবসময়ই থাকবে। এ লক্ষ্যে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা পিছু হবো না।
এর আগে আসাদ বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় যে, শুক্রবার তারা মানবিজে প্রবেশ করে সিরিয়ার পতাকা উড্ডয়ন করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র দাবি, তুরস্কের সামরিক অভিযান মোকাবিলায় সহায়তা করতে সশস্ত্র কুর্দি সংগঠনগুলোর আমন্ত্রণে সাড়া দিয়ে মানবিজে প্রবেশ করেছে আসাদ বাহিনী। শুক্রবার সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, এলাকাটির নিয়ন্ত্রণে থাকা কুর্দি মিলিশিয়ারা সেখান থেকে চলে গিয়ে সিরীয় বাহিনীর হাতে শহরটি ছেড়ে দিয়েছে। এ ধরনের দাবির পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ কথা বলা হলো।
