কাওরান বাজারে ছয় দোকানির করোনা সংক্রমণ

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০০:১৬

ছয় খুচরা দোকানির করোনা সংক্রমণ হওয়ায় কাওরান বাজারের খুচরা বেচাকেনা বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এ নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এখন থেকে কাওরান বাজারের খুচরা ব্যবসায়ীরা প্রয়োজনে বিজ্ঞান কলেজের সামনে নির্ধারিত সড়কে বেচাকেনা করতে পারবেন। তবে রাতে বেচাকেনা চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত সময়ে পাইকারি বেচাকেনা ব্যতীত কাওরান বাজারে সব ধরনের খুচরা বেচাকেনা বন্ধ থাকবে।

গত সপ্তাহে কাওরান বাজারের দুই দোকানির করোনা ভাইরাসের পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর থেকে সবজির আড়তের আংশিক বন্ধ ছিল। গতকাল আরো ছয় জন দোকানি করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। ভাইরাসের সংক্রমণ এড়াতে এবং সরকার নির্দেশিত শারীরিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে শাকসবজি ও খাদ্যদ্রব্য পাইকারি ব্যবসায়ীদের রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে কেনাবেচা শেষ করতে বলা হয়েছে। আর মাছ বিক্রেতা এবং আড়তদারেরা ব্যবসার জন্য সময় পাবেন ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত।