মালয়েশিয়ায় খাদ্য সংকটে বাংলাদেশি শ্রমিকরা

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০০:৩০

মালয়েশিয়ায় করোনা ভাইরাস মোকাবিলায় জারি করা লকডাউনের ফলে প্রায় ৬০ হাজার বাংলাদেশি শ্রমিক খাদ্যসংকটে ভুগছেন। কুয়ালালামপুর থেকে একজন মানবাধিকার কর্মী হারুন আল রশিদ বলেন, লকডাউনের পর মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশি শ্রমিকেরা তাদের সঙ্গে যোগাযোগ করে খাদ্যসংকটের কথা জানিয়েছেন। কিন্তু পরিবহন এবং চলাচলের ওপর নিষেধাজ্ঞার কারণে এদের কাছে খাদ্য সাহায্য পৌঁছানো যাচ্ছে না।

তিনি বলেন, বড়ো প্ল্যান্টেশন কিংবা কারখানায় কাজ করছেন যেসব শ্রমিক তাদের বিশেষ কোনো সমস্যা হচ্ছে না। বিপদে পড়েছেন ছোটো ছোটো কারখানার শ্রমিক যারা লেবার কন্ট্র্রাকটরদের অধীনে কাজ করেন। লকডাউন প্রায় এক মাস হতে চলেছে। ফলে তাদের মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে। মালয়েশিয়ায় বৈধ-অবৈধ মিলিয়ে ৫ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন বলে ধারণা করা হয়।

প্রায় ৬০ হাজার শ্রমিক খাদ্য সমস্যায় ভুগছেন বলে হারুন আল রশিদ বলেছেন। এইসব শ্রমিক মূলত কুয়ালালামপুর এবং সেলাঙ্গর রাজ্যেই বেশি। জোহর বারু এবং পেনাঙেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করছেন।

হারুন আল রশিদ জানান, ক্লাঙ ভ্যালিতে আমাদের ভলান্টিয়াররা খাদ্য বিতরণ করতে সমর্থ হয়েছে। আমাদের কাছে প্রচুর খাবার রয়েছে। কিন্তু চলাচলের অনুমতি নেই বলে সেই খাবার আমরা দূরে নিয়ে বিতরণ করতে পারছি না।