দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ফিলিপিন্স ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। ফিলিপাইনের জেনারেল সান্তোস নগরীর ১৯৩ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উত্পত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবারের ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে ভূমিকম্পের উত্পত্তিস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের উপকূলীয় এলাকা জুড়ে বিপজ্জনক সুনামি আঘাত হানার সতর্কতা জারি করা হলেও দুই ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়। স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইউএসজিএস প্রথমে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ২ বলেছিল। কিন্তু পরে তারা ভূমিকম্পটি ৬ দশমিক ৯ মাত্রার ছিল বলে জানায়।
