করোনা পরীক্ষা নিয়ে ট্রাম্পের ভুলভাল বক্তব্য দেওয়া বন্ধ করা উচিত

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০০:৩৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনা ভাইরাসের পরীক্ষার বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সোমবার রাতে সিএনএনের অ্যান্ডারসন কুপারের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন। ন্যান্সি বলেন, সত্য এমন এক জিনিস যা স্বীকার করলে সবার উপকার হয় আর অস্বীকার করলে আজ হোক কাল হোক ক্ষতি হবেই। অথচ ট্রাম্প মিথ্যার পথে এগোচ্ছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সরকারের ঘোষিত প্রণোদনা এবং ট্রাম্পের করোনা নীতি নিয়ে কঠোর সমালোচনা করে চলেছেন হাউজ স্পিকার পেলোসি। করোনাসহ সাম্প্রতিক সময়ের নানা বিষয় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বাদানুবাদ দেশটিতে আলোচিত বিষয় হয়ে উঠেছে। এর এক দিন আগে ট্রাম্প টুইট করে ন্যান্সির কঠোর সমালোচনা করেছিলেন।

সিএনএনের অনুষ্ঠানে ন্যান্সি আরো বলেন, যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস পরীক্ষা করার ক্ষমতা নিয়ে সমস্যা আছে। অথচ ট্রাম্প এটা স্বীকার করছেন না। তিনি বলেন, সত্যি বলতে কখনই দেরি করা উচিত নয়। সঠিক কাজটি ফেলে না রেখে সঠিক সময়েই করতে হয়। প্রণোদনা বিলের বিষয়ে পেলোসি বলেন, তিনি আশাবাদী ছিলেন যে মঙ্গলবার রাতেই আইনকর্মীরা সিদ্ধান্তে পৌঁছাবেন এবং বুধবার সিনেটে এবং হাউজে সেটি উঠতে পারে।

তিনি অভিযোগ করেন, করোনা পরীক্ষা এবং নিয়ন্ত্রণের বিষয় নিয়ে রিপাবলিকানরা কখনোই ডেমোক্র্যাটদের দাবির সঙ্গে একমত হচ্ছে না। অথচ এ সময়ে দরকার ছিল জাতীয় ঐক্য। তিনি বলেন, আমাদের পার্টি এটাই চায় যে হাসপাতালগুলো যেন প্রয়োজনের সময় পর্যাপ্ত অর্থ চাইলেই সরবরাহ পেতে পারে। অন্যথায় করোনায় মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। খুব শিগিগরই ট্রাম্পের শুভ বুদ্ধির উদয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।