ফতুল্লায় ভিপি রাজিব খুন

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০০:৪৪

তিন বছর আগে কাউছার নামে এক ব্যক্তিকে পিটিয়েছিলেন ফতুল্লার ভিপি রাজিব। পরে মারপিটের অভিযোগে ফতুল্লায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীর বাড়ি গিয়ে হুমকি দিতে গিয়ে ভিপি রাজিব গণপিটুনির শিকার হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে গত সোমবার রাতে তার মৃত্যু হয়। নিহত রাজিব ফতুল্লার পাগলা বউবাজার এলাকার হাসু তালুকদারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পাগলা জাউল্লাপাড়া এলাকায় কাউছার নামে এক ব্যক্তিকে ২০১৬ সালে মারধর করে রাজিব ও তার সহযোগীরা। সেই মামলা তুলে নিতে কয়েক দিন ধরেই কাউছারকে হুমকি দিয়ে যাচ্ছিল রাজিব। গত সোমবার বিকালে কয়েক জন সহযোগীকে নিয়ে রাজিব জাউল্লাপাড়া এলাকায় কাউছারের বাড়ি যায়। সেখানে গিয়ে মামলা তুলে নিতে কাউছারকে চাপ সৃষ্টি করে রাজিব। এ সময় কাউছারের লোকজন রাজিব ও তার সহযোগীদের ধাওয়া করে। তখন সহযোগীরা পালিয়ে গেলেও রাজিবকে ধরে গণপিটুনি দেয়। পরে স্থানীয় লোকজন রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। সেখানে রাত ১১টার দিকে হাসপাতাল থেকে জানানো হয় রাজিব মারা গেছে। ওসি আরো জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।