রোহিঙ্গাদের খাদ্যের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ২৫ বিশিষ্ট নাগরিক

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০০:৪৪

করোনা মহামারিকালে প্রায় ৪০০ রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ ভূখণ্ডের নৌসীমানা থেকে উদ্ধার করে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ, জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারসমূহ এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন দেশের ২৫ জন বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে করোনা মহামারিকালে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও স্বাস্থ্যের অধিকার, অবাধ তথ্য প্রবাহ, মত প্রকাশের স্বাধীনতা এবং প্রয়োজনীয় চলাচলের স্বাধীনতা রক্ষা করার মানবিক আচরণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সোমবার এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ১১৬ জন বসবাস করে। কিন্তু রোহিঙ্গা শিবিরে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস। স্বাভাবিকভাবেই সামাজিক দূরত্ব বজায় রাখার যে বাধ্যবাধকতা রয়েছে, তা সেখানে মেনে চলা সম্ভব নয়। ফলে কোনোভাবে রোহিঙ্গা শিবিরে কোভিড-১৯ সংক্রমণ হলে তা মারাত্মক গতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা জানি, সরকার এবং জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও এখনো শিবিরগুলোতে পর্যাপ্ত চিকিত্সাসেবা, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনের সুবিধার অভাব রয়েছে। যদি রোহিঙ্গা শিবির অঞ্চলে করোনা ভাইরাসের নিয়ন্ত্রণহীন প্রাদুর্ভাব ঘটে, তবে এটি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। তাই রোহিঙ্গাদের খাদ্যসহ চিকিত্সাসেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা।

বিবৃতিতে স্বাক্ষরকার?ী ২৫ বিশিষ্ট নাগরিক হলেন—ড. মেঘনা গুহঠাকুরতা, ড. রিদোয়ানুল হক, অধ্যাপক ড. পারভীন হাসান, ডা. জাফ্রুল্লাহ চৌধুরী, ড. মঞ্জুর হাসান, ফারাহ কবীর, শাহীন আনম, রেজাউল করিম চৌধুরী, মাহীন সুলতান, অ্যাডভোকেট কামরুন নাহার, জাকির হোসেন, মোহাম্মদ নূর খান, কাজী ওমর ফয়সাল প্রমুখ।