করোনা ভাইরাসে সারাদেশের নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত চালসহ ত্রাণ চুরির ঘটনায় গতকাল এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কয়েক জন ইউনিয়ন পরিষদ সদস্য এবং পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে। চাল আত্মসাতের ঘটনায় নড়াইলের কালিয়ায় এক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জ জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। লালমোহনে চাল কেলেঙ্কারির সঙ্গে জড়িত দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া ত্রাণ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরের এক ইউপি সদস্য এবং ঝিনাইগাতীতে এক মহিলা ইউপি সদস্যকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের খবর।
ইত্তেফাক রিপোর্ট : সরকারি চাল আত্মসাতের অভিযোগে নড়াইল জেলার কালিয়া উপজেলার পিড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জার্জিদ মোল্যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ বিভাগ জানায়, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে যশোর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি পিড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জার্জিদ মোল্যা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসহায় দুস্থ মহিলাদের জন্য ভিজিডির এপ্রিল/২০২০ মাসের সরকার কর্তৃক প্রদত্ত ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আত্মসাত্ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জ জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ত্রাণসামগ্রী প্যাকেটিং ও বিতরণে অনিয়ম, কারচুপি ও আত্মসাতের অভিযোগে মো. কামরুজ্জামানকে জনস্বার্থে সাময়িক বরখাস্ত করা হলো।
দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ইউনিটের সদস্য হাবিবুর রহমানকে (৫২) দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ত্রাণ আত্মসাতের ঘটনায় মামলা হওয়ায় দৌলতপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সকালে ঐ ইউপি সদস্যকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে বিতরণের জন্য ৫০ জন পরিবারের জন্য ৫০ প্যাকেট ত্রাণ বরাদ্দ দেওয়া হয়। যার মধ্যে ১০ কেজি চাল, ডাল, আলু ও সাবান ছিল। ইউপি সদস্য হাবিবুর রহমান গত ৯ ও ১০ এপ্রিল ৫০ জন পরিবারের মধ্যে ত্রাণ না দিয়ে নিজস্ব লোকজনের মধ্যে ১৫ প্যাকেট ত্রাণ বিতরণ করে অবশিষ্ট ৩৫ প্যাকেট আত্মসাত্ করেন।
ঝিনাইগাতী (শেরপুর) : ঝিনাইগাতীতে ত্রাণের চালসহ মিনারা বেগম নামে এক মহিলা ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মিনারা বেগম উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মিনারা বেগম ত্রাণের পাঁচ কেজি ওজনের ৩২ ব্যাগ চাল বিতরণ না করে বাড়িতে নিয়ে রাখেন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মামলা হয়েছে।
বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৭২০ কেজি চাল উদ্ধার করেছে র্যাব-১৪। গত সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার বাট্টাজোড় নতুন বাজারের আনিছুর রহমান খরমের ঘর থেকে চালগুলো উদ্ধার করে র্যাব। এই ঘটনায় বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবুল কালাম ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মুন্নাফ আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। র্যাব-১৪ এর নাঃ সুবেদার আফতাফ হোসেন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, মঙ্গলবার দুপুরে মামলার এক আসামি ডা. মুন্নাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
রাঙ্গাবালী (পটুয়াখালী) : সরকারি ত্রাণ সহায়তার আট বস্তা চাল উদ্ধারের ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যসহ দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় চালসহ আইয়ুব আলী নামের এক আসামিকে তার বসতঘর থেকে সোমবার বিকালে আটক করেছে পুলিশ। এতে অজ্ঞাতনামা আরো দুই-তিন জনকে আসামি করা হয়।
এ মামলার আসামিরা হলেন—রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের জুগির হাওলা ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ তালুকদার (৪৮) ও জুগির হাওলা গ্রামের আলী আকবরের ছেলে আইয়ুব আলী ব্যাপারী (৬০)। সোমবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলাটি করেন। রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ইউপি সদস্য ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের খড়িবাড়ি বাজারের এক মুদির দোকান থেকে টিসিবির পণ্য সন্দেহে দুই দোকান থেকে ২৮ বস্তা চিনি ও আট বস্তা ছোলা জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গত সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মাছুমা আরেফিনের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাজারের দোকানদার মুকুল মিয়া ও একরামুল হকসহ অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা বাজারে উপজেলা প্রশাসন ও পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে দুই চাল ব্যবসায়ীর ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ কেজির ৯২ বস্তা চাল (৪ হাজার ৬০০ কেজি) উদ্ধার করেছে। ঐ দুই চাল ব্যবসায়ী হলো—আজহারুল ইসলাম (৩৫) ও ফজলু মুন্সি। এ সময় আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন বলেন, ২৫ বস্তা চাল উদ্ধারের ঘটনায় আজহারুলের বিরুদ্ধে মামলা হয়েছে। আর ৬৭ বস্তা সরকারি চাল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
লালমোহন (ভোলা) : লালমোহনে চাল কেলেঙ্কারির সঙ্গে জড়িত ও মামলার আসামি হওয়ায় দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মাহামুদুর রহমান জানান, গত ১৫/৪/২০২০ তারিখে এক আদেশের মাধ্যমে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন উপজেলার ১ নম্বর বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জুয়েল এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর তালুকদার। এর আগে গত ১০ এপ্রিল প্রথমে আটক হন ওমর তালুকদার। এ ঘটনায় মামলা হলে জুয়েলের পিতা নান্নু হাওলাদারকে পুলিশ আটক করে জেলহাজতে পাঠালেও পলাতক রয়েছে জুয়েল।
